সমর বিকাশ চাকমা, দীঘিনালা প্রতিনিধি:
“ক্রীড়ায় শক্তি, ক্রীড়ায় বল, মাদক ছেড়ে মাঠে চল”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বেতছড়ি এলাকার তরুণদের খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করতে বেতছড়ি যুব সংঘ ক্লাবের খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করা হয়েছে।
বেতছড়ি যুব সংঘ ক্লাবের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ক্লাবের খেলোয়াড়দের জন্য জার্সি উপহার দেন খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক একরাম হোসেন রানা এবং দীঘিনালা উপজেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক মোবারক হোসেন মহিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে মাদকের ভয়াবহ বিস্তার তরুণ সমাজকে বিপথগামী করছে। যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শুধু শরীরচর্চা বা বিনোদনের মাধ্যম নয়; এটি শৃঙ্খলা, নেতৃত্ব, সহনশীলতা ও পারস্পরিক সৌহার্দ্য গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এ সময় মোবারক হোসেন মহিন বলেন, বেতছড়ি এলাকার যুবকদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে তিনি দীর্ঘদিন ধরে ক্রিকেট ও ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া কার্যক্রমে সহযোগিতা করে আসছেন। সমাজের সচেতন ব্যক্তি, জনপ্রতিনিধি এবং ক্রীড়াপ্রেমীদের এগিয়ে আসার মাধ্যমে প্রতিটি গ্রামে সুস্থ ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলা সম্ভব।
তিনি আরও বলেন, সরকারি ও বেসরকারি পর্যায়ে পর্যাপ্ত পৃষ্ঠপোষকতা নিশ্চিত করা গেলে গ্রামের তরুণরা খেলাধুলার মাধ্যমে নিজেদের দক্ষতা বিকাশের সুযোগ পাবে এবং একটি মাদকমুক্ত, সুস্থ ও সুন্দর সমাজ গড়ে উঠবে।
জার্সি পেয়ে বেতছড়ি যুব সংঘ ক্লাবের খেলোয়াড়রা আনন্দ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও ভালোভাবে খেলাধুলা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
স্থানীয়রা এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, তরুণদের মাঠমুখী করতে নিয়মিত ক্রীড়া সামগ্রী বিতরণ, টুর্নামেন্ট আয়োজন এবং প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন।
শেষে বেতছড়ি যুব সংঘ ক্লাবের সার্বিক উন্নয়ন, খেলোয়াড়দের সাফল্য এবং এলাকার তরুণদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করা হয়।