আজিজুর ইসলাম, স্টাফ রিপোর্টার:
রাজশাহী–১ (গোদাগাড়ী–তানোর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান গোদাগাড়ী পৌরসভার চলমান ড্রেন নির্মাণ কাজ পরিদর্শন করেছেন। আজ (১০ মে, ২০২৬) তিনি সরেজমিনে নির্মাণাধীন ড্রেনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য ড্রেন নির্মাণ কাজের বর্তমান অগ্রগতি এবং কাজের গুণগত মান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তিনি কাজের স্থায়িত্ব নিশ্চিত করতে এবং নকশা অনুযায়ী সঠিক সামগ্রী ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও ড্রেনটি নির্মাণের ফলে স্থানীয় জনসাধারণের চলাচলে বা অন্য কোনো সমস্যা হচ্ছে কি না, সে বিষয়ে উপস্থিত নাগরিকদের সাথে কথা বলেন।
নির্মাণাধীন কাজের মান নিয়ে সন্তোষ প্রকাশ করার পাশাপাশি তিনি সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারদের বিশেষ নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন: উন্নয়ন কাজের প্রধান লক্ষ্যই হলো জনসেবা। তাই কাজের গুণগত মানের সাথে কোনো আপস করা যাবে না। নির্ধারিত সময়ের মধ্যেই এই ড্রেন নির্মাণ কাজ সম্পন্ন করতে হবে যেন সাধারণ মানুষ দ্রুত এর সুফল ভোগ করতে পারে।
এসময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ সংসদ সদস্যের সাথে উপস্থিত ছিলেন। সংসদ সদস্যের এই অতর্কিত পরিদর্শনে স্থানীয় বাসিন্দারা আশাবাদ ব্যক্ত করেছেন যে, ড্রেনটি সঠিকভাবে নির্মিত হলে পৌর এলাকার জলাবদ্ধতা নিরসনে তা কার্যকর ভূমিকা রাখবে।