বগুড়া জেলা প্রতিনিধি : হাবিব
বগুড়ায় শিক্ষার্থীদের অপমানের অভিযোগে প্রধান শিক্ষিকা বরখাস্ত।
বগুড়া সদর উপজেলার বুজর্গধামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে জুতার মালা পরিয়ে ও পিঠে ‘আমি আম চোর’ লিখে বিদ্যালয়ে ঘোরানোর ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষিকা গোল সাহানারাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয় থেকে বুধবার (৬ মে) এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
রাজশাহী বিভাগীয় ভারপ্রাপ্ত উপপরিচালক নূর আখতার জান্নাতুল ফেরদৌস স্বাক্ষরিত আদেশে বলা হয়, কোমলমতি শিক্ষার্থীদের প্রকাশ্যে অপমান করার ঘটনায় শিক্ষা বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী জারির দিন থেকেই বরখাস্তের আদেশ কার্যকর হবে।
বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল বিদ্যালয় প্রাঙ্গণের একটি গাছ থেকে দুটি আম পেড়ে খেয়েছিল চতুর্থ ও পঞ্চম শ্রেণির তিন শিক্ষার্থী। এ ঘটনায় পরদিন ২৯ এপ্রিল প্রধান শিক্ষিকা গোল সাহানারা ওই শিক্ষার্থীদের বেত্রাঘাত করেন। পরে তাদের গলায় জুতার মালা পরিয়ে এবং পিঠে ‘আমি আম চোর’ লেখা স্টিকার লাগিয়ে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ ও বারান্দায় ঘোরানো হয়।
ঘটনাটি প্রকাশ্যে এলে স্থানীয় অভিভাবক ও সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।
একজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন,“সামান্য কারণে শিশুদের এভাবে অপমান করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ফল গাছ তো শিক্ষার্থীদের জন্যই। শাসনের নামে এমন আচরণ অন্যায়।”
ঘটনাটি গণমাধ্যমে প্রকাশের পর গত ৩ মে উপজেলা শিক্ষা কর্মকর্তা অভিযুক্ত শিক্ষিকাকে কারণ দর্শানোর নোটিশ দেন। একই সঙ্গে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজোয়ান হোসেন তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। তবে তদন্ত শেষ হওয়ার আগেই ঘটনার গুরুত্ব বিবেচনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
বৃহস্পতিবার (৭ মে) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজোয়ান হোসেন জানান, এটি প্রাথমিক ব্যবস্থা। বিধি অনুযায়ী পরবর্তী সময়ে অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হবে।