হাফিজুল ইসলাম লস্কর, স্টাফ রিপোর্টার:
সিলেট-ঢাকা মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনদুর্ভোগ লাঘবে বর্তমান সরকার অগ্রাধিকার ভিত্তিতে এই প্রকল্প বাস্তবায়নে কাজ করছে বলে জানান তিনি।
শনিবার (২ মে) দুপুরে সিলেট নগর ভবনের সামনে সিটি কর্পোরেশন আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে ঢাকা-সিলেট যাতায়াতে দীর্ঘ সময়ের বিড়ম্বনার কথা তুলে ধরে বলেন, বিদেশ থেকে দেশে পৌঁছাতে যেখানে ৮-৯ ঘণ্টা সময় লাগে, সেখানে সড়কপথে ঢাকা থেকে সিলেটে আসতেই পুরো একটা দিন চলে যায়। জনগণের এই চরম ভোগান্তি আমরা আর দেখতে চাই না। এজন্যই ৬ লেনের কাজ দ্রুত শেষ করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।
তিনি আরও উল্লেখ করেন যে, জমি অধিগ্রহণ সংক্রান্ত কিছু জটিলতা থাকলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে যাতে প্রকল্পের গতি বাধাগ্রস্ত না হয়। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সিলেট নগরীর বহুল প্রতীক্ষিত জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন করেন। তিনি বলেন, সামান্য বৃষ্টিতেই নগরবাসীকে যে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে তার স্থায়ী সমাধান হবে।
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খন্দকার আবদুল মুক্তাদীর, বাণিজ্যমন্ত্রী। আরিফুল হক চৌধুরী, শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী।
সমাবেশ শেষে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে, যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোগত এই উন্নয়ন প্রকল্পগুলো সম্পন্ন হলে সিলেটের অর্থনৈতিক ও সামাজিক চিত্রে বৈপ্লবিক পরিবর্তন আসবে।