হাফিজুল ইসলাম লস্কর, স্টাফ রিপোর্টার:
সিলেটে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সমাবেশের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। শুক্রবার (১ মে) সকাল থেকে নগরীর বিভিন্ন স্থানে সরকারি দপ্তর ও বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে সকালে নগরীতে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি পরবর্তী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। সভায় জেলা প্রশাসনের কর্মকর্তা- কর্মচারীসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) কর্মচারী সংসদের উদ্যোগে সকালে নগরভবন থেকে একটি র্যালি বের করা হয়। সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর নেতৃত্বে র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে পুনরায় নগরভবনে গিয়ে শেষ হয়।
পরবর্তীতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিসিক প্রশাসক বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার শ্রমিকবান্ধব। শ্রমিকদের ন্যায্য অধিকার ও সুযোগ-সুবিধা প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর। এ সময় সিসিক কর্মচারী সংসদের সভাপতি আব্দুল বাছিত, সাধারণ সম্পাদক মো. আখতার সিদ্দিকী বাবলুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সকাল ৯টায় নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে বাংলাদেশ হোটেল শ্রমিক ইউনিয়ন সিলেট শাখার উদ্যোগে এক বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি ছাদেক আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনছার আলীর পরিচালনায় সমাবেশে প্রধান দাবি হিসেবে ‘শ্রমিক অধিকার সংবলিত গেজেট’ বাস্তবায়নের জোর দাবি জানানো হয়। সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের জেলা ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ সরকার। স’মিল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রুহুল আমিন। শাহপরান থানা কমিটি ও দক্ষিণ সুরমা উপজেলা কমিটির নেতৃবৃন্দ।
এদিকে চা বাগান অধ্যুষিত সিলেটে চা শ্রমিকদের বিভিন্ন সংগঠনও মে দিবস উপলক্ষে রাজপথে নামে। তারা তাদের দীর্ঘদিনের দাবি-দাওয়া নিয়ে নগরীতে র্যালি ও সমাবেশ করে দৈনিক মজুরি বৃদ্ধি ও ভূমির অধিকার নিশ্চিত করার দাবি জানান।
সার্বিকভাবে, সিলেটে অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শ্রমজীবী মানুষের এই ঐতিহাসিক দিনটি অতিবাহিত হয়েছে।