মোঃ বাকি বিল্লাহ
মাগুরা জেলা প্রতিনিধি
মাগুরার মহম্মদপুর উপজেলার ঐতিহ্যবাহী আমিনুর রহমান কলেজে শিক্ষকদের সাথে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১১টার দিকে কলেজ গেট সংলগ্ন প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত সোমবার কলেজের অধ্যক্ষের সাথে কয়েকজন বহিরাগত ছাত্র অসৌজন্যমূলক ও উত্তেজনাপূর্ণ আচরণ করে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। যা শিক্ষাঙ্গনের পরিবেশকে ব্যাহত করেছে। এ ঘটনার প্রতিবাদ এবং দায়ীদের শাস্তির দাবিতে তারা শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে রমজান, লিজাসহ কয়েক বলেন, অনৈতিক সুবিধা না দেওয়ার কারনে তারা অধ্যক্ষ স্যারের সাথে খুবই খারাপ আচারন করে। শিক্ষকদের সম্মান রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। বহিরাগতদের এমন আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
তবে মানববন্ধন শেষে বাড়ি ফেরার পথে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীরা জানান ও সিসি ফুটেজ দেখা যায়, অভিযুক্ত ছাত্র আকিব হাসানের নেতৃত্বে কয়েকজন মিলে হঠাৎ করে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী রমজান গুরুতর আহত হয়।
আহত রমজানকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তার চিকিৎসা চলছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান বলেন, ছেলে কিছুু নৈতিক সুবিধা চেয়েছিল। সেটা না দেওয়ার কারনে তারা অসৌজন্যমূলক আচরণ করেছে। যা খুবই দুঃখজনক। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করলেও পরবর্তীতে হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। আমরা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি।
কলেজের সভাপতি তানভির রহমান সোহেল বলেন, কলেজের পরিবেশ নষ্ট করার যে কোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আশরাফুজ্জামান বলেন, হামলার বিষয়টি জানতে পেরেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।