হাফিজুল ইসলাম লস্কর, স্টাফ রিপোর্টার:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ২নং গোলাপগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা মওদুদ হোসেন চৌধুরী সুমন। দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে নিবিড় জনসংযোগ ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় ইতোমধ্যে সাধারণ মানুষের মাঝে তার প্রার্থিতা নিয়ে ব্যাপক আগ্রহ ও আলোচনার সৃষ্টি হয়েছে।
গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মওদুদ হোসেন চৌধুরী সুমন তার প্রার্থিতার বিষয়টি নিশ্চিত করে দৈনিক মুক্তি সমাচার-কে জানান, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। নির্বাচিত হলে অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত ২নং গোলাপগঞ্জ ইউনিয়নকে একটি আধুনিক, সমৃদ্ধ ও মডেল ইউনিয়নে রূপান্তর করাই তার মূল লক্ষ্য।
দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত থাকা এ তরুণ সমাজসেবী বলেন, ”আমি ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং স্বাস্থ্য ও নাগরিক সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় সহজলভ্য করতে প্রত্যয়ী। ইনশাআল্লাহ, জনগণ সুযোগ দিলে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্নয়নবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তুলব।”
নির্বাচনী মাঠ প্রস্তুত করতে মওদুদ হোসেন চৌধুরী সুমন নিয়মিত বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিচ্ছেন এবং স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময়ের মাধ্যমে তিনি তার আগামী দিনের পরিকল্পনা ও ভিশন তুলে ধরে সবার সহযোগিতা কামনা করছেন।
বিএনপির ‘ক্লিন ইমেজের’ এই নেতা দলমত নির্বিশেষে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করে বলেন, “ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়নে কাজ করতে চাই।”
এদিকে স্থানীয় সাধারণ ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় মওদুদ হোসেন চৌধুরী সুমনের দীর্ঘদিনের সক্রিয় ভূমিকা রয়েছে। আসন্ন নির্বাচনকে ঘিরে তার এই আনুষ্ঠানিক ঘোষণায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যুক্ত হয়েছে এবং তরুণদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে।