জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের কোনাপাড়া সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াুবা ট্যাবলেট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা।
শনিবার (১১ জুলাই) সকালে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ জুলাই (শুক্রবার) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি বিশেষ আভিযানিক দল হ্নীলা ইউনিয়নের কোনাপাড়া সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে এলাকায় তল্লাশি চালিয়ে মাটির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। কোস্ট গার্ড জানায়, জব্দকৃত ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও মাদকের বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।