হাফিজুল ইসলাম লস্কর, স্টাফ রিপোর্টার:
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো সিলেট সফরে এসে নগরীর দীর্ঘদিনের সমস্যা জলাবদ্ধতা নিরসনে বড় পদক্ষেপ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) সকাল পৌনে ১১টার দিকে সিলেট মহানগরীর সুরমা নদীর তীরবর্তী চাঁদনীঘাটে ঐতিহাসিক ক্বীন ব্রিজের পাশে ‘জলাবদ্ধতা নিরসন প্রকল্প’ এর শুভ উদ্বোধন করেন তিনি।
শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তাকে বর্ণাঢ্য অভ্যর্থনা জানান,খন্দকার আবদুল মুত্তাদীর, বাণিজ্যমন্ত্রী। আরিফুল হক চৌধুরী, শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী। কাইয়ুম চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপি সভাপতি । অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সংসদ সদস্য (সিলেট-৬) ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক। এছাড়া সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান ও জেলা প্রশাসক সারওয়ার আলমসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী সরাসরি হযরত শাহজালাল (র.) এর মাজারে যান এবং জিয়ারত সম্পন্ন করেন।
চাঁদনীঘাটে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ফলক উন্মোচনকালে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান। এ সময় প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, এই প্রকল্পটি বাস্তবায়িত হলে সিলেট নগরবাসীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হবে এবং জীবনযাত্রার মান উন্নত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সাথে সিলেট বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর এই ব্যস্ততম সফরে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে, দুপুর ১২টা: সিলেট সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া নদী (বাসিয়া খাল) খননকাজের উদ্বোধন। বিকেল ৩টা: সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ প্রতিযোগিতার উদ্বোধন। বিকেল ৫টা: সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত দলীয় সভায় অংশগ্রহণ।