স্টাফ রিপোর্টারঃ হাফিজুর রহমান
সিলেট সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় এক যুগান্তকারী পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। অনিয়ন্ত্রিত পাথর ও বালু উত্তোলন বন্ধ এবং জীববৈচিত্র্য পুনরুদ্ধারে কোম্পানিগঞ্জের সাদাপাথর ও শাহ আরেফিন টিলাসহ মোট সাতটি এলাকাকে পরিবেশগত সংকটপূর্ণ এলাকা (ECA) হিসেবে ঘোষণার প্রক্রিয়া শুরু হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের তথ্যমতে, প্রাথমিকভাবে নিচের এলাকাগুলোকে ইসিএ ঘোষণার আওতায় আনা হচ্ছে- সাদাপাথর (কোম্পানীগঞ্জ), শাহ আরেফিন টিলা, লোভাছড়া, লালাখাল, উৎমাছড়া,রতনপুর, শ্রীপুর।
দীর্ঘ আড়াই দশক ধরে অনিয়ন্ত্রিত খনিজ আহরণের ফলে সিলেটের পর্যটন কেন্দ্রগুলো আজ ধ্বংসের মুখে। বিশেষ করে শাহ আরেফিন টিলার প্রায় ১৩৮ একর পাহাড় কেটে সমতল করে ফেলা হয়েছে, যেখানে এখন সৃষ্টি হয়েছে বিশাল মরণফাঁদ বা গর্তের। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর সাদাপাথর ও ধলাই নদী এলাকায় নজিরবিহীন পাথর লুটপাটের ঘটনা পরিবেশগত বিপর্যয়কে আরও ত্বরান্বিত করেছে। এর প্রেক্ষিতে, ২০২৫ সালের ২৪ আগস্ট হাইকোর্ট এক রুলের মাধ্যমে জানতে চান কেন জাফলং, ভোলাগঞ্জ ও বিছনাকান্দিসহ এসব এলাকাকে ইসিএ ঘোষণা করা হবে না। সেই ধারাবাহিকতায় সরকার এখন চূড়ান্ত পদক্ষেপ নিচ্ছে।
পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক আবুল কালাম আজাদ জানান, বর্তমানে একটি পরামর্শক প্রতিষ্ঠান কারিগরি প্রতিবেদন তৈরির কাজ করছে। প্রতিবেদন জমা হলেই আনুষ্ঠানিকভাবে এলাকাগুলোকে ইসিএ ঘোষণা করা হবে। এর ফলে ওই এলাকাগুলোতে যেকোনো ধরনের খনিজ ও বালু উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ হবে।
জাতীয় সংসদে পরিবেশ মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু সাফ জানিয়ে দিয়েছেন, ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র রক্ষায় কোনোভাবেই পাথর উত্তোলনের অনুমতি দেওয়া হবে না। বর্তমানে দেশে ১৩টি ইসিএ রয়েছে, সিলেটের এই এলাকাগুলো যুক্ত হলে পরিবেশ সুরক্ষার জাল আরও বিস্তৃত হবে।
সরকারের এই উদ্যোগকে পরিবেশবাদীরা স্বাগত জানিয়েছেন, তবে মাঠপর্যায়ে এর বাস্তবায়ন নিয়ে সংশয় কাটছে না। ‘ধরিত্রী রক্ষায় আমরা’ (ধরা)-এর সিলেট জেলা সদস্য সচিব আব্দুল করিম কিম বলেন, এর আগে জাফলংকে ইসিএ ঘোষণা করা হলেও তার সুফল পাওয়া যায়নি। তাই ঘোষণা যেন কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ না থাকে, সেদিকে নজর দিতে হবে।
বর্তমানে বাংলাদেশে ১৩টি ইসিএ এলাকা রয়েছে। সিলেটের এই নতুন এলাকাগুলো যুক্ত হলে দেশের পরিবেশগত সুরক্ষা আরও শক্তিশালী হবে। তবে স্থানীয়দের মতে, রাজনৈতিক সদিচ্ছা এবং প্রশাসনের নিয়মিত তদারকি নিশ্চিত করতে না পারলে সিলেটের এই অনন্য জৈববৈচিত্র্য চিরতরে হারিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।