নিজস্ব প্রতিবেদন
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজয়ী এবং মুখ্যমন্ত্রী পদের প্রধান দাবিদার শুভেন্দু অধিকারী মহাশয়কে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমরা জেনে আনন্দিত যে আপনার শেকড় বাংলাদেশের বরিশাল জেলায়, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। একজন সুযোগ্য জননেতা হিসেবে আপনি প্রতিবেশী দেশের কৃষ্টি, সংস্কৃতি ও মানুষের মধ্যকার সুগভীর ভ্রাতৃত্ববোধ সম্পর্কে পূর্ণ অবগত। তাই বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আপনার কাছে আমাদের বিশেষ দাবি—যিনিই সরকার প্রধান হন না কেন, রাজনৈতিক বা ধর্মীয় দোহাই দিয়ে হিন্দু-মুসলিম বিভেদ কিংবা দাঙ্গা যেন কোনোভাবেই প্রশ্রয় না পায়। পৃথিবীর কোনো ধর্মই অন্যের প্রতি অবজ্ঞা, ঘৃণা বা দাঙ্গা-হাঙ্গামার বিধান দেয় না; বরং ধর্ম মানুষকে শান্তি ও মানবতার শিক্ষা দেয়। প্রকৃত ধর্মপ্রাণ মানুষ কখনোই ধর্মান্ধ হতে পারে না। তাই আপনার সুযোগ্য নেতৃত্বে পশ্চিমবঙ্গে যেন কোনো নাগরিক ধর্মীয় পরিচয়ের কারণে জুলুম, অত্যাচার বা বৈষম্যের শিকার না হন, সেই নিশ্চয়তা কাম্য। আমরা আশা করি, আপনি প্রকৃত ধর্মীয় মূল্যবোধকে সম্মান জানিয়ে একটি অসাম্প্রদায়িক ও শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে বলিষ্ঠ ভূমিকা রাখবেন, যেখানে প্রতিটি মানুষ তার ধর্মীয় স্বাধীনতা নিয়ে নিরাপদে বসবাস করতে পারবে। মানবতার জয়গান গেয়ে সম্প্রীতির এক নতুন উদাহরণ সৃষ্টি হোক আপনার কর্মে।
এম. মাসুদ রানা সুমন
প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক, ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন
ঢাকা, বাংলাদেশ।