সিলেট: নগরীর সাগরদিঘীর পাড় ওয়াকওয়ে এলাকায় ফের দম্পতিকে উত্যক্ত ও ছিনতাই চেষ্টার ঘটনা ঘটেছে। এ সময় হাতেনাতে তিন যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই রাতে ওয়াকওয়েতে বসে গল্প করছিলেন অর্প রায় ও তার স্ত্রী পলি রাণী সূত্রধর। এ সময় একদল যুবক তাদের ঘিরে ধরে স্বামী-স্ত্রীর পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করে এবং নানাভাবে হয়রানি শুরু করে। একপর্যায়ে যুবকরা ত্রাস সৃষ্টি করে ওই দম্পতির কাছে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়।
ঘটনাস্থলে টহলরত পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তিনজনকে আটক করা হয়। এসময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করে পুলিশ।
আটককৃতরা হলেন:
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার এডিসি মো. মনজুরুল আলম জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, এর আগেও একই ওয়াকওয়েতে সিলেট ওসমানী মেডিকেল কলেজের এক ছাত্র ও ছাত্রীকে উত্যক্ত এবং অর্থ দাবির অভিযোগে পুলিশ একজনকে আটক করেছিল। বারবার এমন ঘটনায় স্থানীয় ও দর্শনার্থীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।