সবুজায়নের লক্ষ্যে দীঘিনালা জোনের উদ্যোগে ফলজ ও বনজ চারা বিতরণ
সমর বিকাশ চাকমা, দীঘিনালা
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় খাগড়াছড়ির দীঘিনালা জোনের উদ্যোগে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ করা হয়েছে।
রবিবার (১৯ জুলাই) ৩নং কবাখালি ইউনিয়নে দীঘিনালা জোনের ব্যবস্থাপনায় স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মাঝে সর্বমোট ২৬,০০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের উপ-অধিনায়ক মেজর শিবাবুন সাকিব রুশাদ, পিএসসি (উপ-অধিনায়ক, ৪ ইবি) এবং এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন আব্দুল্লাহ আল আজমী।
অনুষ্ঠানে দীঘিনালা জোনের উপ-অধিনায়ক মেজর মো: রুশাদ, পিএসসি বলেন, “একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ কমানো এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই দেশের প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও সেটির সঠিক পরিচর্যার দায়িত্ব নিতে হবে।
উক্ত কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে আরও অংশগ্রহণ করেন
নলেজ চাকমা, চেয়ারম্যান, ৩নং কবাখালি ইউনিয়ন পরিষদ।
চয়ন বিকাশ চাকমা, চেয়ারম্যান, ২নং বোয়ালখালি ইউনিয়ন পরিষদ।
এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বাংলাদেশ সেনাবাহিনীর অন্যান্য সদস্য বৃন্দ।
স্থানীয় অংশগ্রহণকারীরা দীঘিনালা জোনের এই মহতী উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
দীঘিনালা জোন কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, অঞ্চলের সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে ভবিষ্যতেও তাদের এই বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণমূলক বিভিন্ন কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে।