শোয়েব হোসেন, নবাবগঞ্জ (ঢাকা):
ঢাকার নবাবগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি, কৈলাইল ইউনিয়ন টেকনিক্যাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রখ্যাত সমাজসেবক মো. দেলোয়ার হোসেন (দেলু খান) আর নেই। রোববার (৩০ আগস্ট) ভোরে নিজ বাসভবনে হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, তিন সন্তানসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
রোববার বাদ জোহর উপজেলার সিংজোর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। শিক্ষক নেতা ও সমাজসেবক দেলু খানের প্রয়াণের খবর ছড়িয়ে পড়লে গোটা নবাবগঞ্জ জুড়ে শোকের ছায়া নেমে আসে। প্রিয় শিক্ষক ও নেতাকে শেষ নজর দেখতে এবং জানাজায় শরিক হতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন ঢাকা ও স্থানীয় এলাকার সর্বস্তরের মানুষ। জানাজায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবর্গসহ হাজারো মানুষের ঢল নামে।
একাদিক্রমে একজন আদর্শ শিক্ষক ও দূরদর্শী নেতৃত্ব হিসেবে নবাবগঞ্জে দেলোয়ার হোসেনের পরিচিতি ছিল অত্যন্ত সুদৃঢ়। দীর্ঘকাল কৈলাইল ইউনিয়ন টেকনিক্যাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালনের পাশাপাশি উপজেলা শিক্ষক সমিতির সভাপতি হিসেবে শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন।
শুধু শিক্ষাাঙ্গনেই নয়, সামাজিক ও জনহিতকর কর্মকাণ্ডেও তার অবদান ছিল অপরিসীম। এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানো, স্থানীয় মসজিদ-মাদ্রাসা প্রতিষ্ঠা ও পরিচালনাসহ নানা সমাজসেবামূলক কাজে তিনি আজীবন সক্রিয় ছিলেন। জানাজা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।