মোঃ কুতুব উদ্দিন
ঢাকা
“মানুষ ভজলে সোনার মানুষ হবি -মানুষ ছাড়া ক্ষ্যাপারে তুই মন হারাবি”
“সত্য বল সুপথে চল ওরে আমার মন -সত্য সুপথ না চিনিলে মানুষের দর্শন”
বাংলা সংস্কৃতির ইতিহাসে এমন ব্যক্তিত্ব খুব কমই আছেন, যাঁদের প্রভাব সাহিত্য, সংগীত, দর্শন, সমাজচিন্তা এবং লোকঐতিহ্যের ওপর একযোগে বিস্তৃত। বাউল সম্রাট লালন সাঁই সেই বিরল ব্যতিক্রম। তিনি কেবল একজন ফকির কবি নন; তিনি ছিলেন দার্শনিক, সাংস্কৃতিক বিপ্লবী এবং প্রচলিত সামাজিক পরিচয়ের বিরুদ্ধে এক সোচ্চার কণ্ঠ। কিন্তু একটি গভীর বিদ্রূপ হলো—যে মানুষটি সারাজীবন পরিচয়ের সংকীর্ণতা ভাঙতে চেয়েছিলেন, তাঁর মৃত্যুর পর তাঁকেই ঘিরে তৈরি হয়েছে মালিকানার নানা দাবি, সাংস্কৃতিক কর্তৃত্বের কাঠামো এবং উত্তরাধিকার নিয়ে অসংখ্য বিতর্ক।
লালন কি কারও ব্যক্তিগত সম্পত্তি? লালনের সুর কি কোনো একক ব্যক্তি, পরিবার, আখড়া বা প্রতিষ্ঠানের মালিকানাধীন? নাকি লালন এমন এক সাংস্কৃতিক ঐতিহ্য, যার প্রকৃত মালিক সমগ্র জনগণ? এই প্রশ্নগুলো আজ নতুন করে সামনে নিয়ে আসা জরুরি।
মুহম্মদ মনসুরউদ্দীন, উপেন্দ্রনাথ ভট্টাচার্য এবং আবুল আহসান চৌধুরীর মতো গবেষকদের দীর্ঘ গবেষণায় একটি বিষয় স্পষ্ট—লালনের গান মূলত মৌখিক ঐতিহ্যের মাধ্যমে সংরক্ষিত হয়েছে। লোকসংগীতের প্রকৃতি লিখিত সাহিত্যের মতো নয়; তাই ‘একমাত্র আমিই আসল সুর জানি’—এই দাবির পেছনে ইতিহাসের চেয়ে অহংকারের উপস্থিতিই বেশি। লালন কি তাঁর সমস্ত গানের স্বরলিপি তৈরি করে গিয়েছেন? কোনো প্রামাণ্য গ্রন্থ কি আছে, যেখানে তিনি নিজ হাতে লিখে গেছেন—‘এই সুরই চূড়ান্ত’? সুরের প্রবহমানতা এবং অভিযোজনই লোকঐতিহ্যের স্বাভাবিক বৈশিষ্ট্য।
বর্তমানে একটি প্রবণতা লক্ষ করা যাচ্ছে, যেখানে অনেকে উত্তরাধিকার এবং মালিকানাকে গুলিয়ে ফেলছেন। একজন শিল্পী বা গবেষক বহু বছর লালনচর্চা করলে তিনি শ্রদ্ধার দাবিদার হতে পারেন, কিন্তু সেই অবদান কোনোভাবেই মালিকানার দলিল হতে পারে না। যারা নিজেদের লালনের একমাত্র প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠিত করতে চান, তাদের কাছে প্রশ্ন—লালন কি আপনাকে তাঁর উত্তরাধিকারের কোনো লিখিত ক্ষমতা দিয়ে গিয়েছিলেন?
সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, লালনের দর্শনের কেন্দ্রবিন্দু যেখানে মানবমুক্তি, সেখানে তাঁর নাম ব্যবহার করে সাংস্কৃতিক সীমান্তরেখা টানা হচ্ছে। যে মানুষটি জাতপাত ভাঙার কথা বলেছেন, তাঁর উত্তরাধিকারের নামে নতুন ধরনের ‘সাংস্কৃতিক জাতপাত’ তৈরি করা কি লালনদর্শনের সাথে সামঞ্জস্যপূর্ণ? আজ লালনের নামেই সবচেয়ে বেশি দৃশ্যমান যে প্রবণতা, তা হলো আত্মগৌরবের প্রদর্শন এবং ব্যবসায়িক মানসিকতা। বাউল বা শিল্পী সেজে, সাইনবোর্ড বা ব্যানারে লালনের নাম ব্যবহার করে যারা নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে ব্যস্ত, তারা মূলত লালন-চেতনার বিপক্ষেই অবস্থান নিচ্ছেন।
প্রকৃতপক্ষে, লালন ফকির নিজেই তাঁর কালামের মাধ্যমে নিজের পরিচয় ও কর্মের স্বরূপ প্রকাশ করে গিয়েছেন। এর বাইরে তাঁকে নিজের মতো করে সংজ্ঞায়িত করা, বাণিজ্যিকীকরণ করা বা আধিপত্য বিস্তারের হাতিয়ার বানানো নিছক বোকামি ও অপরাধ। লালনের বেশধারী কিছু নামধারী সাধু, শিল্পী ও গবেষক লালনচর্চার নামে যে বাণিজ্যিক সংস্কৃতির প্রসার ঘটাচ্ছেন, তা বিশ্বদরবারে লালনের অসাম্প্রদায়িক ও উদার দর্শনের প্রকৃত ভাবমূর্তিকে ক্ষুণ্ন করছে।
পরিশেষে, লালনকে নিয়ে সবচেয়ে বড় সত্য সম্ভবত এই যে—তিনি কারও নন বলেই তিনি সবার। তাঁকে নিজের বলে দাবি করা সহজ, কিন্তু তাঁর দর্শন ধারণ করা কঠিন। তাঁর নাম ব্যবহার করে সাংস্কৃতিক ক্ষমতা অর্জন করা সহজ, কিন্তু তাঁর শেখানো বিনয় ও মানবতাবাদ অর্জন করা অত্যন্ত দুরূহ। ইতিহাসের সামনে আজ বড় প্রশ্ন দাঁড়িয়েছে—যারা লালনের মালিকানা দাবি করেন, তারা কি সত্যিই লালনের উত্তরসূরি, নাকি কেবল লালনের নামের ওপর নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করছেন? আমাদের মনে রাখা প্রয়োজন, আমরা লালনকে অনুসরণ করছি, নাকি কেবল নিজেদের স্বার্থে তাঁকে ব্যবহার করছি—এই উত্তরই নির্ধারণ করবে আমাদের সাংস্কৃতিক মেরুদণ্ড।
লেখক: মোঃ কুতুব উদ্দিন, ঢাকা।