রাসিক ও ওয়াসার সমন্বয়ে স্মার্ট ও পরিকল্পিত রাজশাহী গড়ার প্রত্যয়: প্রশাসকের সঙ্গে নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ:
আজিজুর ইসলাম,স্টাফ রিপোর্টার:
রাজশাহী মহানগরীর সার্বিক উন্নয়ন,নাগরিক সেবার মানোন্নয়ন এবং বিভিন্ন দপ্তরের উন্নয়ন কার্যক্রমে পারস্পরিক সমন্বয় আরও জোরদার করার লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওয়াসার নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক হারুন-অর-রশীদ।
আজ বৃহস্পতিবার নগর ভবনে প্রশাসকের দপ্তর কক্ষে এই সৌজন্য সাক্ষাৎ ও এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজশাহী মহানগরের চলমান ও ভবিষ্যৎ অবকাঠামোগত উন্নয়ন, নিরাপদ পানি সরবরাহ নিশ্চিতকরণ, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং দুই প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় সাধনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সাক্ষাৎকালে ওয়াসার নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক হারুন-অর-রশীদ রাজশাহী মহানগরীকে একটি পরিচ্ছন্ন, সবুজ ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশনের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, নগরবাসীর জীবনমান উন্নয়নে ওয়াসা ও সিটি কর্পোরেশন যৌথভাবে হাত মিলিয়ে কাজ করলে এর সুফল সরাসরি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে। এ সময় তিনি ওয়াসার সেবার মান আরও বেগবান ও জনবান্ধব করতে রাসিকের সার্বিক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময়কালে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন,আমাদের মূল লক্ষ্য হলো জনগণের দোরগোড়ায় সর্বোত্তম সেবা পৌঁছে দেওয়া। নাগরিক দুর্ভোগ লাঘব এবং প্রতিটি উন্নয়ন কাজ স্বচ্ছতা ও গতিশীলতার সাথে সম্পন্ন করতে হবে। এ সময় তিনি ওয়াসার প্রতিটি উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম বাস্তবায়নে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার দৃঢ় আশ্বাস প্রদান করেন।
বৈঠক শেষে দুই প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের মাধ্যমে রাজশাহী মহানগরীকে একটি আধুনিক, বাসযোগ্য ও উন্নত নগর হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। এ সময় সিটি কর্পোরেশন ও ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।