মোঃ সুমন চৌধুরী, তানোর (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়ায় মা-বাবা হারা ১২ বছরের শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে শাওনের বিরুদ্ধে। উপজেলার জিউপাড়া ইউনিয়নে ঘটনাটি ঘটে। মঙ্গলবার পুঠিয়া থানায় এ ঘটনায় ধর্ষণ মামলা হয়েছে। অভিযুক্ত শাওন উপজেলার নগরপাড়া গ্রামের বাসিন্দা।
বুধবার ঘটনার সত্যতা নিশ্চিত করেন পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম। বলেন, ভয়ভীতি দেখিয়ে ও জোরপূর্বক তাকে প্রথমবার ধর্ষণ করে শাওন। বিষয়টি কাউকে জানালে তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। শিশুটির সরলতার সুযোগ নিয়ে পরবর্তীতে তাকে একাধিকবার ধর্ষণ করেন ওই যুবক। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।
ভুক্তভোগী শিশুর জবানবন্দি গ্রহণ ও ডাক্তারি পরীক্ষার প্রক্রিয়া চলছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, প্রভাবশালী পরিবারের সন্তান হওয়ায় শাওন এলাকায় দীর্ঘদিন ধরে নানা অপকর্ম করে আসছে। এর আগেও একাধিক নারীকে সে লাঞ্ছিত ও ধর্ষণ করেছে বলে অভিযোগ রয়েছে। কিন্তু প্রভাবশালীদের ভয়ে এতোদিন কেউ মুখ খোলার সাহস পায়নি।