মামুন বিল্লাহ (কালিগঞ্জ) সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরার কালিগঞ্জ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ শহিদুল ইসলাম। শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় তিনি বিদায়ী ওসি মোঃ জুয়েল হোসেনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
থানা সূত্রে জানা গেছে, মোঃ শহিদুল ইসলাম এর আগে সাতক্ষীরার তালা থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। সাম্প্রতিক বদলির আদেশে তিনি তালা থানা থেকে কালিগঞ্জ থানায় যোগদান করেন।
দায়িত্ব গ্রহণের পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে নবাগত ওসি বলেন, কালিগঞ্জে মাদক ব্যবসার বিস্তার এবং এর সামাজিক ক্ষতিকর প্রভাব সম্পর্কে তিনি অবগত হয়েছেন। মাদক নির্মূল, সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ এবং থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করবেন।
তিনি বলেন, “মাদকমুক্ত, শান্তিপূর্ণ ও নিরাপদ কালিগঞ্জ গড়ে তুলতে পুলিশ প্রশাসন আন্তরিকভাবে কাজ করবে। আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে কোনো ধরনের অপরাধ, সন্ত্রাস কিংবা অনিয়মের সঙ্গে আপস করা হবে না। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই হবে পুলিশের প্রধান লক্ষ্য।”
নবাগত ওসি আরও বলেন, পুলিশের একার পক্ষে অপরাধ সম্পূর্ণ নির্মূল করা সম্ভব নয়। এজন্য উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতাসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা প্রয়োজন।
তিনি আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত কালিগঞ্জ থানা গড়ে তোলা সম্ভব হবে।
স্থানীয় সচেতন মহল নবাগত ওসির প্রতি শুভেচ্ছা জানিয়ে তাঁর নেতৃত্বে কালিগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন হবে বলে আশা প্রকাশ করেছেন।