মোঃ রানা,স্টাফ রিপোর্টার ঝিনাইদহঃ
ঝিনাইদহের মহেশপুরে মাদক সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে মোঃ জহির উদ্দিন (৩০) নামে এক যুবককে আটক করেছে মহেশপুর থানা পুলিশ। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানাধীন কাজীরবেড় ইউনিয়নের সামন্তা (ষাটনল পাড়া) গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ তাকে আটক করে।
আটক জহির উদ্দিন সামন্তা (ষাটনল পাড়া) গ্রামের মোঃ রাশেদের ছেলে।
আটকের পর তাকে মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাজ্জাদ হোসেনের মোবাইল কোর্টে হাজির করা হয়। সেখানে মাদকদ্রব্য সেবন করে উন্মত্ত ও নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়।
পরে মোবাইল কোর্ট মামলা নং মহেশ মিস ৮৫/২৬, তারিখ ১৪/০৯/২০২৬ অনুযায়ী তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
আইনি প্রক্রিয়া শেষে সাজা পরোয়ানামূলে দণ্ডপ্রাপ্ত আসামিকে ঝিনাইদহ জেলা কারাগারে পাঠানো হয়েছে।