মোঃ পলাশ শেখ, কাজিপুর উপজেলা প্রতিনিধিঃ-
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ১২ নম্বর মনসুরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তরুণ সমাজসেবক মো. সামিউল ইসলাম সাগর। তিনি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন তোতার জ্যেষ্ঠ ছেলে।
পারিবারিকভাবে তিনি অবিভক্ত বৃহত্তর চরগিরিশ ইউনিয়নের চারবারের নির্বাচিত চেয়ারম্যান মরহুম মমতাজ উদ্দিনের জ্যেষ্ঠ নাতি। এছাড়া মরহুম মহির উদ্দিন চাকলাদারও দীর্ঘ সময় এলাকাবাসীর সেবায় নিয়োজিত ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
সামিউল ইসলাম সাগর বলেন, “আমাদের পরিবারের পূর্বপুরুষরা দীর্ঘদিন ধরে মানুষের সেবা করে আসছেন। আমার দাদা মরহুম মমতাজ উদ্দিন প্রায় ২৫ বছর জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁদের আদর্শ ও সেবার ধারাবাহিকতা বজায় রাখতেই আমি ১২ নম্বর মনসুরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি আরও বলেন, “পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি মানুষের পাশে থেকে কাজ করব এবং এলাকার উন্নয়নে নিজেদের সম্পৃক্ত রাখব, ইনশাআল্লাহ। ইউনিয়ন পরিষদের বর্তমান জমিটিও আমাদের পরিবারের পক্ষ থেকে কোনো বিনিময় ছাড়াই দান করা হয়েছিল।”
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণার পর মনসুরনগর ইউনিয়নজুড়ে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
উল্লেখ্য, সামিউল ইসলাম সাগর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন তোতার জ্যেষ্ঠ ছেলে এবং তরুণ প্রজন্মের একজন সমাজসেবক হিসেবে এলাকায় পরিচিত।