নিজস্ব প্রতিবেদক
”তোমাকে নিয়ে আছি, তোমার মাঝেই আছি… শুভ জন্মদিন আব্বু!”— সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এই একটি বাক্যই বলে দেয় একজন বাবার প্রতি কন্যার অকৃত্রিম ভালোবাসা এবং গভীর শূন্যতার কথা। আজ নাটোর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট ফজলুর রহমান পটলের জন্মদিন। বাবার এই বিশেষ দিনে তার সুযোগ্য কন্যা, বর্তমান সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল ফেসবুকে বাবার সাথে একটি সাদা-কালো স্মৃতিময় ছবি শেয়ার করে এই শ্রদ্ধা নিবেদন করেছেন।
ঐতিহাসিক এক কাকতালীয় ঘটনা হিসেবে, ১৯৯৩ সালে ফজলুর রহমান পটল যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন, দীর্ঘ ৩২ বছর পর আজ তার কন্যা সেই একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। বাবার স্মৃতিকে ধারণ করে সাদা-কালো সেই ছবিতে দেখা যায়, পৈত্রিক ছায়ায় হাস্যোজ্জ্বল কন্যা। ছবিটি যেন কেবল পিতৃত্বের বন্ধন নয়, বরং একটি আদর্শিক উত্তরাধিকারের গল্প বলছে।
এই নেতার জন্মদিনে শ্রদ্ধা নিবেদন করেছেন নাটোর জেলা বিএনপির সদস্য এবং সাবেক সংসদ সদস্য মোজাম্মেল হকের জ্যেষ্ঠ পুত্র ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু। তিনি ফজলুর রহমান পটলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে বলেন, তিনি ছিলেন সত্যিকারের জনগণের নেতা। তার দূরদর্শী নেতৃত্ব ও উন্নয়নমুখী চিন্তা আজও নাটোরের মানুষের হৃদয়ে অম্লান। একইসাথে গুরুদাসপুর উপজেলার ৪নং মশিন্দা ইউনিয়নের বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম প্রয়াত এই নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, ফজলুর রহমান পটল ছিলেন উত্তরবঙ্গের উন্নয়নের অন্যতম রূপকার। তিনি সাধারণ মানুষের যে আস্থার প্রতীক ছিলেন, তা আজও আমাদের অনুপ্রেরণা দেয়।
উল্লেখ্য, ফজলুর রহমান পটল তার দীর্ঘ রাজনৈতিক জীবনে শিক্ষা, ক্রীড়া ও সমাজসেবায় যে বিশাল অবদান রেখে গেছেন, তারই পথ ধরে বর্তমানে ফারজানা শারমিন পুতুল জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বাবার জন্মদিনে করা তার এই সংক্ষিপ্ত স্ট্যাটাসটি যেন আবারও মনে করিয়ে দিল যে, একজন আদর্শবান পিতা তার সন্তানের চিন্তায়, চেতনায় এবং কর্মে আজীবন বেঁচে থাকেন।