আজিজুর ইসলাম, স্টাফ রিপোর্টার:
বর্ষাকালের ঘনঘটা শুরু হতেই রাজশাহীতে এডিস মশা ও ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। অবিরাম বৃষ্টিপাত এবং নগরের বিভিন্ন স্থানে জমে থাকা পানি মশা বংশবিস্তারের উপযুক্ত পরিবেশ তৈরি করায় নগরবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) ও স্থানীয় স্বাস্থ্য বিভাগ যৌথভাবে জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করেছে।
বিপদের মূল কারণ রাজশাহীর বিভিন্ন এলাকায় নির্মাণাধীন ভবনের আধা-পাকা গর্ত, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের পাত্র এবং বাড়ির ছাদে জমে থাকা স্বচ্ছ পানি এডিস মশার লার্ভা উৎপাদনের প্রধান উৎস হয়ে দাঁড়িয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, সাধারণত বর্ষাকালে এডিস মশার উপদ্রব বৃদ্ধি পায়। সামান্য অবহেলা থেকেই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে পারে, যা জনস্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি।
নগরীর ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার রাখার পাশাপাশি মশক নিধন কার্যক্রমে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। রাসিকের স্বাস্থ্য শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, নগরের ৩০টি ওয়ার্ডে লার্ভিসাইডিং (মশা নিধনের ওষুধ ছিটানো) প্রক্রিয়া জোরদার করা হয়েছে। একইসঙ্গে, বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মাইকিং করে জনসাধারণকে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানানো হচ্ছে।