মোস্তফা মিয়া, নরসিংদী:
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) পুলিশ লাইন্স ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নরসিংদীর পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক।
সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা তাদের বিভিন্ন সমস্যা, মতামত ও প্রত্যাশার কথা তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ দিয়ে তাদের বক্তব্য শোনেন এবং সমস্যা সমাধানে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত প্রদান করেন।
সভায় পুলিশ সুপার সদস্যদের সততা, আন্তরিকতা, সর্বোচ্চ পেশাদারিত্ব ও দেশপ্রেমের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি পুলিশ সদস্যদের কল্যাণের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলেও তিনি জানান।
এ সময় জুলাই ২০২৬ মাসের কর্মমূল্যায়নে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের মধ্যে নগদ অর্থ, সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ করেন পুলিশ সুপার।
সভা শেষে নরসিংদী জেলা পুলিশ হাসপাতালে স্থাপিত আধুনিক প্যাথলজি ল্যাবের উদ্বোধন করেন পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক।
এ সময় নরসিংদী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন ইউনিটের ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।