আজিজুর ইসলাম স্টাফ রিপোর্টার :
মে /০৫-০৫-২০২৬
রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ মাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে দ্রুতগামী একটি ড্রামট্রাকের চাপায় ঘটনাস্থলেই আক্কাস আলী খলিফা (৫৫) নামে এক ব্যক্তি নিহত হন। নিহত আক্কাস আলী চারঘাট থানাপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বিড়ালদহ মাজার সংলগ্ন রাস্তা পার হওয়ার সময় একটি বেপরোয়া গতির ড্রামট্রাক আক্কাস আলীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনার পর স্থানীয় এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েন। উত্তেজিত জনতা ঘাতক ট্রাকসহ পার্শ্ববর্তী আরও একটি ড্রামট্রাকে আগুন ধরিয়ে দেয়। এসময় তারা বিড়ালদহ এলাকার প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।
সংবাদ সংগ্রহের সময় উত্তেজিত জনতার রোষানলে পড়েন উপস্থিত সাংবাদিকরা। বিক্ষুব্ধ জনতা সংবাদ সংগ্রহ করতে যাওয়া একজন সংবাদকর্মীর মোবাইল ফোন কেড়ে নিয়ে ভাঙচুর করে এবং কাজে বাধা প্রদান করে।
ঘটনার খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। শুরুতে উত্তেজিত জনতার বাধার মুখে পড়লেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ফায়ার সার্ভিস কর্মীরা দীর্ঘ প্রচেষ্টার পর জ্বলন্ত ট্রাক দুটির আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম জানান,
খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং নিহতের মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।
বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করলেও পুলিশি টহল জোরদার করা হয়েছে।