নরসিংদী: নরসিংদীতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৪০০ গ্রাম গাঁজাসহ ৪ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (১৫ এপ্রিল ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে শহরের জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, জেলা উপপরিচালক মোহাম্মদ হাবীব তৌহিদ ইমামের সার্বিক নির্দেশনায় এবং পরিদর্শক সাহিদা বেগমের নেতৃত্বে একটি রেইডিং টিম গঠন করা হয়। দলটি নরসিংদী মডেল থানাধীন জিরো পয়েন্ট এলাকায় অবস্থান নেয়। এসময় সন্দেহভাজন চারজনকে তল্লাশি করে তাদের কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ মোমেন মিয়া (৩২), মোঃ বারেক মিয়া (৫০), মোঃ আরিফুল হক (৪৫) এবং মোছাঃ রোজিনা বেগম (৪০)।
অভিযান শেষে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান পাটোয়ারী এবং সারোয়ার আলম। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোষী সাব্যস্ত করে প্রত্যেক আসামিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে, দণ্ডপ্রাপ্তদের ওই দিনই নরসিংদী জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। মাদকের বিস্তার রোধে এ ধরনের বিশেষ অভিযান জেলাজুড়ে অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।