আজিজুর ইসলাম,স্টাফ রিপোর্টার:
নওগাঁ পুলিশ লাইনস মাঠে উৎসবমুখর পরিবেশে ক্যাডেট এএসআই পদে নিয়োগের লক্ষ্যে শারীরিক সক্ষমতা পরীক্ষা সম্পন্ন হয়েছে। আজ ছিল এই নিয়োগ প্রক্রিয়ার তৃতীয় দিন। সকাল ৮টা থেকে শুরু হয়ে পরীক্ষা শেষ হতে হতে বিকেল গড়িয়ে যায়। সারা দিনব্যাপী নওগাঁ পুলিশ লাইনস মাঠ ছিল চাকরিপ্রার্থীদের ভিড়ে মুখর।
নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এই নিয়োগ কার্যক্রমের শুরু থেকেই স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। নওগাঁর সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে এই নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
শারীরিক সক্ষমতা পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের বিভিন্ন ক্যাটাগরিতে দক্ষতা ও শারীরিক শক্তি যাচাই করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:
পুশ-আপ: শরীরের উপরিভাগের শক্তি ও সহনশীলতা পরিমাপের জন্য প্রার্থীদের নির্ধারিত সংখ্যক পুশ-আপ দিতে হয়েছে।
সিট-আপ: পেটের পেশীর শক্তি ও স্ট্যামিনা যাচাইয়ের জন্য সিট-আপ ইভেন্টটি রাখা হয়েছে।
ড্র্যাগিং: প্রার্থীদের ভার বহন করার সক্ষমতা ও পেশীর শক্তি পরীক্ষা করার লক্ষ্যে ড্র্যাগিং ইভেন্টটি ছিল বেশ কষ্টসাধ্য। রোপ ক্লাইম্বিং: দড়ি বেয়ে ওপরে ওঠার মাধ্যমে প্রার্থীদের শরীরের উপরিভাগের শক্তি, পেশীর সহনশীলতা এবং গতিশীলতা যাচাই করা হয়।
প্রতিটি ধাপেই প্রার্থীদের নির্দিষ্ট মানদণ্ড অনুযায়ী দক্ষতা প্রদর্শন করতে হয়েছে। প্রার্থীদের শারীরিক সক্ষমতা নিরপেক্ষভাবে মূল্যায়নের জন্য নওগাঁ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সার্বক্ষণিক তদারকি করেন।
এই নিয়োগ কার্যক্রম পরিদর্শন ও তদারকিতে উপস্থিত ছিলেন:
পুলিশ হেডকোয়ার্টার্স থেকে আগত সম্মানিত পুলিশ সুপার মহোদয়
জয়পুরহাট ও রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ
নওগাঁ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ
নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পর্যায়ের অফিসার ও পুলিশ সদস্যগণ
পুলিশ হেডকোয়ার্টার্স থেকে আগত পুলিশ সুপার মহোদয় এবং জয়পুরহাট ও রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দের উপস্থিতি এই নিয়োগ প্রক্রিয়ার প্রতি তাঁদের বিশেষ মনোযোগ এবং তদারকিকেই প্রমাণ করে। পুরো কার্যক্রমে শৃঙ্খলা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে প্রার্থীদের মূল্যায়ন করা হয়।
এই নিয়োগ কার্যক্রমের মূল লক্ষ্য হলো যোগ্য, মেধাবী এবং শারীরিকভাবে সক্ষম ব্যক্তিদের বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই হিসেবে নিয়োগ দেওয়া। এই স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে শুধু বাংলাদেশ পুলিশের প্রতি জনসাধারণের আস্থা বাড়বে তা নয়, নিয়োগপ্রাপ্ত তরুণ-তরুণীদেরও পুলিশের সেবার প্রতি আরও বেশি উদ্বুদ্ধ করবে বলে আশা করা হচ্ছে।