আজিজুর ইসলাম, স্টাফ রিপোর্টার:
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে মাঠে নেমেছে নওগাঁ জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস দল সফল অভিযান পরিচালনা করেছে। অভিযানে ১৭ লিটার ৭৫০ মিলিলিটার চোলাই মদসহ লছির উদ্দিন (৫৭) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে পুলিশ।
আজ ২৬ জুন, ২০২৬, শুক্রবার দুপুরে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়ের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি টিম নওগাঁ সদর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে নামে। অভিযানের এক পর্যায়ে গোয়েন্দা দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, ব্যাটারিচালিত একটি অটোরিকশায় করে চোলাই মদের একটি বড় চালান ভাংগারী পট্টির দিকে নিয়ে আসা হচ্ছে।
এই সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের টিমটি তৎক্ষণাৎ ননিয়া পট্টিস্থ ভাংগারী এলাকায় বিশেষ চেকপোস্ট বসায়। দুপুর প্রায় ১২টা ৩০ মিনিটের দিকে সন্দেহজনক ওই রিকশাচালক কাজল ভাংগারীর দোকানের সামনে পৌঁছালে পুলিশ তাকে থামায়। এরপর তল্লাশিকালে রিকশায় থাকা একটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করে পুলিশ।
উপস্থিত লোকজনের সামনে বস্তাটি খুলতেই বেরিয়ে আসে অভিনব কায়দায় লুকানো মদের বোতল। স্পীড ও মজোর ছোট ছোট বোতলে মোট ৭১টি বোতলে ভর্তি ১৭ লিটার ৭৫০ মিলিলিটার চোলাই মদ জব্দ করা হয়।
গ্রেফতারকৃত লছির উদ্দিন নওগাঁ সদর থানার একডালা পূর্ব পাড়া গ্রামের অহির উদ্দিনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নির্মূলে পুলিশের এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।