গোবিন্দ রায়, স্টাফ রিপোর্টার: (বগুড়া)
বগুড়ার ধুনট উপজেলার বেলকুচি কারিগরি স্কুলের একটি পরিত্যক্ত শ্রেণিকক্ষ এখন মাদকসেবীদের আড্ডাখানা হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে সেখানে ক্লাস না হওয়ায় কক্ষটি পড়ে আছে। স্থানীয়দের অভিযোগ, এই সুযোগে সেখানে বিভিন্ন সময় মাদকসেবীদের আড্ডা বসে।
সরেজমিনে গিয়ে ওই শ্রেণিকক্ষে মাদক সেবনের সরঞ্জাম ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে। বিষয়টি নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, বেশ কিছুদিন ধরে বেলকুচি গ্রামের কয়েকজনকে বিভিন্ন সময় ওই কক্ষে ঢুকতে দেখা যায়। সেখানে মাদক সেবন করা হয় বলেও তাঁরা জানান।
স্থানীয় কয়েকজন বলেন, এসব কাজে বাধা দিতে গেলে হুমকি ও ভয় দেখানো হয়। এ কারণে অনেকে বিষয়টি দেখেও প্রতিবাদ করতে চান না।
বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষ এভাবে মাদকসেবীদের আড্ডার জায়গা হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাঁদের আশঙ্কা, এভাবে চলতে থাকলে এর খারাপ প্রভাব শিক্ষার্থীদের ওপর পড়তে পারে।
বেলকুচি কারিগরি ইনস্টিটিউটের সহকারী শিক্ষক রবিউল ইসলাম রনি বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে মাদকসেবীদের আড্ডা বসার অভিযোগ খুবই দুঃখজনক। বিষয়টি তদন্ত করে কক্ষটি পরিষ্কার করা দরকার। পাশাপাশি সেখানে যেন বাইরের কেউ ঢুকতে না পারে, সে ব্যবস্থা করতে হবে। মাদকসেবীদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া দরকার।
বেলকুচি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফৌজিয়া হক বিথি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে মাদকসেবীদের এমন কর্মকাণ্ড কোনোভাবেই ঠিক নয়। এতে শিক্ষার্থী ও অভিভাবকেরা ভয় পান। দ্রুত কক্ষটি পরিষ্কার করে ব্যবহারের উপযোগী করা এবং সেখানে বাইরের লোকজনের প্রবেশ বন্ধ করা দরকার।
স্থানীয় অভিভাবকেরা দ্রুত পরিত্যক্ত কক্ষটি পরিষ্কার করে পাঠদানের উপযোগী করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে কক্ষে বাইরের লোকজনের প্রবেশ বন্ধ এবং মাদকসেবীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।
স্থানীয়দের দাবি, বিদ্যালয় কর্তৃপক্ষের পাশাপাশি পুলিশও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখুক এবং দ্রুত ব্যবস্থা নিক।