নিজস্ব প্রতিবেদকঃ-
শারীরিক সীমাবদ্ধতা যে ইচ্ছাশক্তির কাছে হার মানতে বাধ্য, তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন পাবনার কৃতি সন্তান মিরাজ আফ্রিদি। দুই পা এবং এক হাত না থাকা এক অসহায় শিশুর আজীবনের দায়িত্ব গ্রহণের ঘোষণা দিয়ে তিনি আবারো প্রমাণ করলেন মানবিকতার কোনো সীমানা নেই।
মিরাজ আফ্রিদি নিজে শারীরিক প্রতিবন্ধকতা জয় করে আজ সারা বাংলাদেশে এক পরিচিত নাম। নিজের দুটি হাত না থাকা সত্ত্বেও তিনি কখনো দমে যাননি, বরং নিজের যোগ্যতায় নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। নিজের লড়াইয়ের অভিজ্ঞতা থেকেই তিনি প্রতিনিয়ত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে চলেছেন।
সম্প্রতি ওই শিশুর অসহায়ত্বের কথা জানতে পেরে মিরাজ তার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তার এই উদ্যোগের খবর ছড়িয়ে পড়লে সোশ্যাল মিডিয়া ও স্থানীয় মহলে ব্যাপক প্রশংসার জোয়ার বইছে। অনেকেই বলছেন, মিরাজের মতো ব্যক্তিরা সমাজের জন্য অনুপ্রেরণা।
এ বিষয়ে মিরাজ আফ্রিদি বলেন, “কষ্ট আর লড়াই কী, তা আমি নিজের জীবন দিয়ে বুঝি। এই শিশুটি যাতে সমাজের বোঝা না হয়ে মাথা উঁচু করে বাঁচতে পারে, সেই লক্ষ্যেই আমি তার দায়িত্ব নিয়েছি।”
অসহায় মানুষের প্রতি এমন মমত্ববোধ আর নিঃস্বার্থ ভালোবাসার জন্য মিরাজ আফ্রিদির প্রতি শুভকামনা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। তার হাত ধরে বদলে যাক আরও অনেক ভাগ্যবঞ্চিতের জীবন—এমনটাই প্রত্যাশা সবার।