সমর বিকাশ চাকমা, দীঘিনালা প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কলেজটিলা গ্রামে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে প্রয়াত ভরত কুমার চাকমার সাপ্তাহিক ত্রুিয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন) সকালে তাঁর নিজ বাসভবনে বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, পিণ্ডদানসহ ধর্মীয়ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বৌদ্ধ ভিক্ষুসংঘের উপস্থিতিতে ধর্মদেশনা, সূত্রপাঠ, পিণ্ডদান এবং প্রয়াতের বিদেহী আত্মার সদগতি ও চিরশান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংঘপ্রধান হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা বন বিহারের অধ্যক্ষ শ্রদ্ধেয় শুভবন্ধন মহাস্থবির ভান্তে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধনাটিলা বন বিহারের অধ্যক্ষ শ্রদ্ধেয় বুদ্ধ বংশ মহাস্থবির ভান্তে। প্রয়াত ভরত কুমার চাকমার পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী, প্রতিবেশী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি পেশার শতাধিক মানুষ উপস্থিত থেকে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
ধর্মীয় আলোচনা শেষে বুদ্ধ বংশ মহাস্থবির ভান্তে প্রয়াত ভরত কুমার চাকমার কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করে বলেন, তিনি ছিলেন একজন সৎ, বিনয়ী, পরোপকারী ও সমাজসেবামূলক মানসিকতার মানুষ। তাঁর মৃত্যু শুধু পরিবারের নয়, সমাজেরও এক অপূরণীয় ক্ষতি।
অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে প্রীতিভোজ ও মধ্যাহ্নভোজ পরিবেশন করা হয়।
এ সময় উপস্থিত সবাই প্রয়াত ভরত কুমার চাকমার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।