আবু মুসা,নিজস্ব প্রতিবেদক,
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাসহ সোলতান আহমদ (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
র্যাব-১৫ জানায়, বাংলাদেশ সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় র্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এ অভিযান পরিচালনা করে।
র্যাবের তথ্য অনুযায়ী, গত ১৭ আগস্ট ২০২৬ বিকেল আনুমানিক ৪টা ১০ মিনিটে টেকনাফ থানাধীন শাপলা চত্বর বাজার এলাকায় অবস্থানকালে র্যাব সদস্যরা জানতে পারেন, এক ব্যক্তি সিএনজি অটোরিকশাযোগে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে হ্নীলা ইউনিয়নের উলুচামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

এর ভিত্তিতে বিকেল ৪টা ৫০ মিনিটে হ্নীলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উলুচামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নূর সাদিয়া স্টোরের সামনে পাকা সড়কে চেকপোস্ট স্থাপন করা হয়। পরে বিকেল আনুমানিক ৫টা ৫ মিনিটে উলুচামারী দিক থেকে আসা একটি সন্দেহভাজন সিএনজি অটোরিকশাকে থামার সংকেত দেওয়া হলে চালক পালানোর চেষ্টা করেন।
র্যাব সদস্যরা স্থানীয় সাক্ষীদের সহযোগিতায় সিএনজি চালককে আটক করে বিধি মোতাবেক তার দেহ ও অটোরিকশায় তল্লাশি চালান। এ সময় সিএনজির যাত্রী বসার সিটের পেছনে বিশেষভাবে রাখা একটি বস্তা থেকে ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়।
গ্রেপ্তার সোলতান আহমদ (৩৮) টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব রংগীখালী (লামাপাড়া) এলাকার মৃত আবুল কালামের ছেলে।
র্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টেকনাফ মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে র্যাবের কঠোর ও আপসহীন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।