হাফিজুল ইসলাম লস্কর, স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ধারাবাহিক অভিযানে গত জুন মাসে মোট ২ হাজার ৩২২ জনকে গ্রেপ্তার ও আটক করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ভারতীয় চোরাই পণ্য উদ্ধারের পাশাপাশি ট্রাফিক আইনের আওতায় ৪ হাজার ৩৬০টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) রাতে এসএমপি’র গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশের দেওয়া তথ্যমতে, গত এক মাসে মহানগরের ৬টি থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেপ্তার করা হয়। এর মধ্যে রয়েছে-
মাদক কারবারি ও সেবনকারী: ৭৪৪ জন, ওয়ারেন্টভুক্ত আসামি: ১৮৯ জন, জুয়াড়ি: ১৭৬ জন, চোর ও ডাকাত: ৩৬ জন, ছিনতাইকারী: ২০ জন, হকার: ১৮৮ জন,
অসামাজিক কার্যকলাপে জড়িত: ২৬ জন মেট্রোপলিটন অধ্যাদেশ ও সন্দেহভাজন: ৭২৫ জন, অন্যান্য অপরাধে: ২১৮ জন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ৮৫২ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। বাকিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে। অভিযানকালে পুলিশ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে। যার মধ্যে রয়েছে ১০ হাজার ৬৭৪ পিস ইয়াবা, ২৮ কেজি ২৯৫ গ্রাম গাঁজা, ৭৯২ লিটার চোলাই মদ এবং ৬ বোতল বিদেশি মদ।
একই সময়ে উদ্ধার হওয়া ভারতীয় চোরাই পণ্য ও অবৈধ সামগ্রীর তালিকায় রয়েছে,
১৭ হাজার ৬১০ কেজি ভারতীয় জিরা,
১৭ হাজার ৮৯ পিস ভারতীয় চকোলেট,
২৬ হাজার ৬৭৫ পিস ভারতীয় প্রসাধনী,
৯ লাখ ৮৭ হাজার পিস শেখ নাসির উদ্দিন বিড়ি,
৩ হাজার ৫১৫ কেজি অবৈধ চা-পাতা,
১৬২ পিস ভারতীয় কম্বল ও ১০০ পিস শাড়ি।
এদিকে জুন মাসে মহানগরের সড়কগুলোতে শৃঙ্খলা ফেরাতে ৪ হাজার ৩৬০টি যানবাহনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে এসএমপি’র ট্রাফিক বিভাগ। এর মধ্যে ২ হাজার ৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের এবং ২ হাজার ৩৫৩টি যানবাহন আটক করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কর্মকর্তা মো. মনজুরুল আলম জানিয়েছেন, নগরবাসীর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।