মোঃ নাঈম উদ্দীন, জীবননগর উপজেলা প্রতিনিধি, (চুয়াডাঙ্গা):
চুয়াডাঙ্গা জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সোমবার (২২ জুন) দিনব্যাপী চলা এই অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ ৬ মাদক কারবারিকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৫ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। অপর এক আসামির বিরুদ্ধে জীবননগর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সোমবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর ও জীবননগর থানার বিভিন্ন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানটি পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চুয়াডাঙ্গার একটি চৌকস দল।
অভিযানে আটককৃতরা হলেন— মো. লিটন মন্ডল (৪২), মো. রাজু আহমেদ (২৭), মো. নাহিদ হোসেন (৪১), মো. নয়ন (৩০), মো. রুবেল (২৮) এবং মো. আরমান আলী (৪৫)।
অভিযান সূত্রে জানা যায়, জীবননগর থানাধীন সন্তোষপুর টু আন্দুলবাড়ীয়া সড়কের দেহাটি (মুচিপাড়া) গ্রামের মো. নজরুল ইসলামের বাড়ির সামনে থেকে মো. লিটন মন্ডলকে ২ কেজি গাঁজাসহ আটক করা হয়। তার কাছে থাকা একটি প্লাস্টিকের ব্যাগে পলিথিনে মোড়ানো দুটি পোটলায় এই গাঁজা পাওয়া যায়, যার বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা।

এই ঘটনায় পরিদর্শক মো. বদরুল হাসান বাদী হয়ে জীবননগর থানায় তার বিরুদ্ধে একটি নিয়মিত মাদক মামলা দায়ের করেন। অন্যদিকে, মোবাইল কোর্ট অভিযানে বাকি ৫ জন আসামির নিকট থেকে ১০ গ্রাম করে মোট ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল ২ নম্বর আসামি রাজু আহমেদকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড এবং ৩ নম্বর আসামি নাহিদ হোসেনকে ৪০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এছাড়া, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিন আমিনুল ইসলাম ৪ নম্বর আসামি নয়নকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, ৫ নম্বর আসামি রুবেলকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং ৬ নম্বর আসামি আরমান আলীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে তাদের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়দের সহযোগিতায় চুয়াডাঙ্গাকে মাদকমুক্ত করতে তারা বদ্ধপরিকর।