নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর |
দিনাজপুরের চিরিরবন্দর থানায় মোবাইল ফোন হারানোর সাধারণ ডায়েরি (জিডি) করতে গিয়ে চরম দুর্ব্যবহার ও লাঞ্ছনার শিকার হয়েছেন দৈনিক কালবেলার প্রতিনিধি জাফর ইকবাল। কর্তব্যরত পুলিশ সদস্য কর্তৃক সাংবাদিকের শার্টের কলার ধরে লকআপে নেওয়ার চেষ্টার ঘটনায় স্থানীয় গণমাধ্যমকর্মী ও সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ঘটনার বিবরণ:
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার (১৩ এপ্রিল) সকালে জিডি করতে থানায় গেলে কম্পিউটার অপারেটর ও ডিউটি অফিসারের মধ্যে কয়েক দফা দৌড়ঝাঁপ করানো হয় সাংবাদিক জাফর ইকবালকে। হয়রানির একপর্যায়ে তিনি নিজের পরিচয় দিলে ডিউটি অফিসার মো. আখতারুজ্জামান তার আইডি কার্ড কেড়ে নেন। বিষয়টি থানার পরিদর্শককে (তদন্ত) জানালে পুলিশ সদস্যরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে ডিউটি অফিসার আখতারুজ্জামান সাংবাদিকের শার্টের কলার ধরে তাকে টেনেহিঁচড়ে লকআপে নেওয়ার চেষ্টা করেন এবং তার ব্যক্তিগত মোবাইল ফোনটি কেড়ে নেন।
তীব্র নিন্দা ও প্রতিবাদ:
একজন সংবাদকর্মীকে থানায় প্রকাশ্যে লাঞ্ছিত ও অপমান করার এই ন্যাক্কারজনক ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন পরিবারের সদস্যবৃন্দ।
সংগঠনের পক্ষে প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জি: আল আমিন মোল্যা এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম মাসুদ রানা সুমন এক বিবৃতিতে বলেন, “পেশাগত পরিচয় দেওয়ার পরও একজন সাংবাদিকের সাথে পুলিশের এমন অপেশাদার ও উদ্ধত আচরণ অত্যন্ত দুঃখজনক। এটি স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত। আমরা অনতিবিলম্বে তদন্ত সাপেক্ষে অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে কঠোর দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”
পুলিশের আশ্বাস:
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হালিম জানান, “খবর পেয়ে আমি চিরিরবন্দর থানায় গিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলেছি। লিখিত অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”