আজিজুর ইসলাম,স্টাফ রিপোর্টার:
নির্বাহী পরিচালকের চেয়ার দখলের দুই দিন পর চাকরি হারানো বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান এবার সত্যি সত্যি নিয়োগ পেয়েছেন নির্বাহী পরিচালক পদে। মঙ্গলবার (১১ আগস্ট) বিএমডিএর নির্বাহী পরিচালক (গ্রেড-২) পদে তাঁকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে।
বিএমডিএর অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান প্রতিষ্ঠানটির সেচ শাখার প্রধান ছিলেন। গত বছরের ২৩ মার্চ কোনো অফিস আদেশ ছাড়াই বিএমডিএর ইডির পদ ‘দখল’ করেন তিনি। ওই পদে ছিলেন সরকারের তৎকালীন অতিরিক্ত সচিব শফিকুল ইসলাম। তাঁকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক পদে বদলি করা হলেও নতুন কাউকে তখন বিএমডিএর নির্বাহী পরিচালক পদে নিয়োগ না দেওয়ায় তিনি দায়িত্ব পালন করে যাচ্ছিলেন। তাঁকে জোর করে অফিস থেকে বের করে দেওয়া হয়েছিল। এই ঘটনার দুই দিন পর ২৫ মার্চ কৃষি মন্ত্রণালয়ের তৎকালীন সচিব এক অফিস আদেশে তাঁকে বাধ্যতামূলক অবসর দেন।
তৎকালীন অতিরিক্ত সচিব শফিকুল আলম খানকে জোর করে অফিস থেকে বের করে দিয়ে নিজে নির্বাহী পরিচালকের পদে আসীন হওয়ায় জাহাঙ্গীর আলম খানের বিরুদ্ধে তখন তদন্ত কমিটি গঠন করেছিল কৃষি মন্ত্রণালয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকার তাঁকে বাধ্যতামূলক অবসর প্রদান করে। এর প্রেক্ষিতে জাহাঙ্গীর আলম খান উচ্চ আদালতের দ্বারস্থ হন। সেই মামলা নিস্পত্তির আগেই সরকার তাঁকে বিএমডিএর নির্বাহী পরিচালক পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিলেন।