আজিজুর ইসলাম, স্টাফ রিপোর্টার:
২৯ জুন ২০২৬ সরকারি হাসপাতালের দায়িত্ব পালন না করে ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে হাসপাতালের সামনের একটি বেসরকারি ক্লিনিকে সময় দেওয়া এবং সেখানে ব্যবসায়িক শেয়ার রাখার দায়ে চাঁপাইনবাবগঞ্জে জামায়াত সমর্থিত পাঁচ চিকিৎসককে বদলি করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ার পর এই প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হলো।
সোমবার দুপুরে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ এ তথ্য নিশ্চিত করেন। হারুনুর রশীদ জানান, সরকারি হাসপাতালের চিকিৎসকদের বেসরকারি ক্লিনিকে প্র্যাকটিস করার আইনি অধিকার থাকলেও, হাসপাতালের ১০০ গজের মধ্যেই নিজেদের শেয়ার থাকা ক্লিনিকে বসে সরকারি দায়িত্ব অবহেলা করার অভিযোগটি গুরুতর। তদন্ত কমিটি সরেজমিনে গিয়ে দেখেছে যে, সরকারি ডিউটির সময় ওই চিকিৎসকরা হাসপাতালে উপস্থিত না থেকে ওই ক্লিনিকে রোগী দেখছিলেন।
জেলা পরিষদের প্রশাসক আরও বলেন, “আমার কাছে এই বিষয়ে লিখিত অভিযোগ আসার পর আমি দায়িত্বশীল জায়গা থেকে তা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম। মন্ত্রণালয় যে তদন্ত কমিটি গঠন করেছিল, তারা সরেজমিনে গিয়ে অভিযোগের শতভাগ সত্যতা পেয়েছে। এমনকি যারা শুরুতে অভিযোগ তুলেছিলেন, তাদের মধ্যেও জামায়াতের কর্মী-সমর্থক রয়েছেন। তিনি স্পষ্টভাবে বলেন, সরকারি চাকরির পাশাপাশি ব্যবসায়িক স্বার্থে হাসপাতালের কাজের সাথে আপস করার কোনো সুযোগ নেই। জনস্বার্থে এবং হাসপাতালের মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করতে এই বদলি অত্যন্ত প্রয়োজনীয় ছিল।
হাসপাতাল পরিদর্শনকালে জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক, আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও), অন্যান্য চিকিৎসকসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট মহলের মতে, সরকারি হাসপাতালের শৃঙ্খলা রক্ষায় এ ধরনের সাহসী পদক্ষেপ সাধারণ মানুষের চিকিৎসা সেবার মান বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।