আজিজুর ইসলাম,স্টাফ রিপোর্টার:
১ মে, ২০২৬ চাঁপাইনবাবগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় চ্যানেল ওয়ান-এর সাংবাদিক তারেক রহমান এবং মাই টিভির সাংবাদিক তারেক আজিজ গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে সংবাদ সংগ্রহের কাজ চলাকালীন একদল সশস্ত্র দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। হামলায় তারেক রহমান এবং তারেক আজিজ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম পান। প্রত্যক্ষদর্শীরা জানান, কোনো কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা সাংবাদিকদের লক্ষ্য করে গালিগালাজ শুরু করে এবং একপর্যায়ে লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারধর করে।
আহত দুই সাংবাদিককে দ্রুত উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তাদের শরীরে গভীর ক্ষত রয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণের ফলে শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাদের উন্নত কোনো হাসপাতালে স্থানান্তরের প্রক্রিয়া চলছে।
পেশাদার সাংবাদিকদের ওপর এমন ন্যাক্কারজনক হামলার ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলাজুড়ে কর্মরত সাংবাদিকদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। স্থানীয় গণমাধ্যমকর্মীরা এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি তুলেছেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তদের ধরতে অভিযান শুরু করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার মোটিভ এখনো স্পষ্ট নয়, তবে সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।