হাফিজুল ইসলাম লস্কর, সিলেটঃ
সিলেটের গোলাপগঞ্জে কৈলাশটিলা ৯ নম্বর গ্যাসকূপ খনন নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড ও কৈলাশটিলা গ্যাস ফিল্ড লিমিটেডের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সংশ্লিষ্ট অংশীজনদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন,
গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি, সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের জিএম (অপারেশন) এ কে এম আলমগীর আজাদ, জিএম (এডমিন) তারেক আহমদ, জুপিটিলা-১ ও কৈলাশটিলা ৯ নম্বর অনুসন্ধান কূপ খনন প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী মোহাম্মদ মুশতাক আহমেদ, কৈলাশটিলা গ্যাসকূপ-১-এর উপমহাব্যবস্থাপক প্রকৌশলী সুলতানুল বাহার, কৈলাশটিলা এমএসটিএ প্লান্টের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ ফররুখ আহমদ, উপমহাব্যবস্থাপক (পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার) তোফায়েল আহমদ, ঠিকাদারি প্রতিষ্ঠান ফার অয়েল অ্যান্ড গ্যাস লিমিটেডের প্রতিনিধি শাহ জালাল সুজন, গোলাপগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মোসলেহ উদ্দিন আহমদ, বাঘা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাকিম পারভেজ, ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম কলিম, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, সহসাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ বাবর, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফাহিম আহমদ, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি দেলওয়ার হোসেন মাহমুদ, সাধারণ সম্পাদক ফাহাদ হোসাইন, ভূমি মালিক রেহান উদ্দিন, মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক রাহুল হোসেন সাহেল এবং সাংবাদিক হারিস আলী।
সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, উপজেলার বাঘা ইউনিয়নের গোলাপনগর মৌজায় কৈলাশটিলা ৯ নম্বর গ্যাসকূপ খননের লক্ষ্যে ভূমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে এবং ক্ষতিপূরণের টাকা বিতরণও শুরু করা হয়েছে। কিন্তু ভূমি মালিকদের জমির রেকর্ড সংক্রান্ত ত্রুটি, নামজারি ও খাজনা পরিশোধ না থাকায় অনেকে জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখায় ক্ষতিপূরণের টাকা দাবি করে আবেদন করতে পারছেন না। এ জটিলতা দূর করতে খাজনা পরিশোধ ও নামজারি সহজীকরণে ভূমি মালিকদের বিশেষ সুবিধাসহ দুই সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছে।
ইউএনও আরও উল্লেখ করেন, রেকর্ড সংশোধন না করে কতিপয় ব্যক্তি বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করছেন, যাদের বেশিরভাগেরই কোনো বৈধ মালিকানা নেই।
প্রকল্প বিলম্বের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, নির্দিষ্ট সময়ে কাজ শুরু না হওয়ায় প্রকল্পের ব্যয় বৃদ্ধির পাশাপাশি বাস্তবায়ন দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সমাধানের সর্বশেষ প্রচেষ্টা হিসেবে অধিগ্রহণকৃত ভূমির মালিকদের সঙ্গে বুধবার (১১ নভেম্বর) দুপুর ২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পুনরায় সমঝোতা বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকে সমাধান না এলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ প্রক্রিয়ায় প্রকল্পের কাজ শুরু করতে বাধ্য হবে।
এদিকে সভায় উপস্থিত বিএনপি নেতারা দাবি করেন, বিগত সরকারের একটি অংশ এলাকায় গ্যাসকূপ খননের বিরোধিতা করছে। তাঁরা অভিযোগ করে বলেন, প্রকল্পটির কাজ পিছিয়ে দিতে এবং উন্নয়ন বাধাগ্রস্ত করতে একটি পক্ষ পরিকল্পিতভাবে স্থানীয়দের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে যাচ্ছে।