ইব্রাহিম খান ইমন
ওসমানীনগর ( সিলেট) প্রতিনিধি
সিলেটের ওসমানী নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেখানে মানুষ আসে রোগ মুক্তি ও উন্নত স্বাস্থ্যসেবার আশায়, সেখানে হাসপাতালের প্রবেশপথ ও চারপাশের পরিবেশ এখন পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। যত্রতত্র ফেলে রাখা আবর্জনার পচা দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন রোগী, স্বজন ও স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে দেখা যায়, হাসপাতালের সীমানা ঘেঁষেই স্তূপ করে রাখা হয়েছে গৃহস্থালি বর্জ্য ও বিভিন্ন আবর্জনা। দীর্ঘদিন ধরে ময়লা পরিষ্কার না করায় সেখানে মশা-মাছির উপদ্রব বেড়েছে, যা ডেঙ্গুসহ বিভিন্ন চর্মরোগের ঝুঁকি তৈরি করছে। বিশেষ করে বৃষ্টির দিনে এই ময়লা পচে চারপাশের বাতাস ভারী হয়ে ওঠে, যা শ্বাসকষ্টের রোগীদের জন্য মারাত্মক অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
প্রশাসনের নাকের ডগায় এমন অস্বাস্থ্যকর পরিবেশ থাকলেও এটি নিরসনে কোনো কার্যকর উদ্যোগ নেই। রাজনৈতিক নেতা কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই বিষয়ে কোনো নজরদারি না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। সচেতন মহলের মতে, যারা সমাজের সেবক হিসেবে কাজ করার অঙ্গীকার করেন, তাদের এমন জনগুরুত্বপূর্ণ বিষয়ে নীরবতা কাম্য নয়।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “আমরা যদি নিজেদের পকেট ভরার রাজনীতি না করে সমাজের জন্য কাজ করতাম, তবে আজ হাসপাতালের সামনে এই দৃশ্য দেখতে হতো না।
এই ময়লা দ্রুত অপসারণ করে হাসপাতালের সামনে একটি স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে আনার জন্য ওসমানী নগর উপজেলা প্রশাসনের প্রতি জোরালো দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। অন্যথায়, এই ময়লার স্তূপ থেকেই বড় ধরনের স্বাস্থ্য বিপর্যয় দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।