ঈশ্বরদীর ছেলে কুষ্টিয়ায় ডিসি পার্কের পুকুরে গোসল করতে নেমে করুণ মৃত্যু।
মোঃ জাহাঙ্গীর আলম। পাবনা ঈশ্বরদী প্রতিনিধিঃ
কুষ্টিয়া শহরের ডিসি পার্কের পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় দেড় ঘণ্টা পর কাওসার (২৫) নামের এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি কুষ্টিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। শনিবার দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত কাওসার পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া ইসলামপাড়া এলাকার আফসার উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পরিবারের সাথে কুষ্টিয়া শহরের উদিবাড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার দুপুরে কাওসার তাঁর বন্ধুদের সঙ্গে নিয়ে ডিসি পার্কের পুকুরে গোসল করতে নামেন। সাঁতার কেটে পুকুরের মাঝখানে পৌঁছানোর পর তিনি হঠাৎ গভীর পানিতে তলিয়ে যেতে থাকেন।
ঘটনার বিবরণ দিয়ে কাওসারের বন্ধু শাওন বলেন,
“আমরা সাঁতার কেটে পুকুরের ওপারে চলে যাওয়ার পর হঠাৎ কাওসারকে বাঁচানোর জন্য চিৎকার করতে শুনি। তাকে উদ্ধারের জন্য তাৎক্ষণিক চেষ্টা চালিয়েছিলাম, কিন্তু পানি অনেক গভীর হওয়ায় এবং সে দ্রুত তলিয়ে যাওয়ায় তা সম্ভব হয়নি। পরে আমরা স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসকে খবর দিই।”
খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালানোর পর তারা পুকুর থেকে কাওসারের নিথর দেহ উদ্ধার করে।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ওয়াদুদ হোসেন জানান, খবর পাওয়া মাত্রই উদ্ধারকারী দল দ্রুত অভিযান শুরু করেছিল। তবে শিক্ষার্থীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. ইকবাল হোসেন জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে।
কাওসারের চাচাতো ভাই ফিরোজ জানিয়েছেন, হাসপাতালের আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হলে পাবনার ঈশ্বরদীতে তাঁদের গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন করা হবে।
এই মর্মান্তিক ঘটনায় কাওসারের সহপাঠী ও পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।