জামাল উদ্দীন
চট্টগ্রামের ২৭ এপ্রিলঝ ২০২৬ হাটহাজারীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের যৌথ অভিযানে অবৈধ অস্ত্র-গুলিসহ একাধিক মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ওসমান গনি ওরফে মনা (৩৫) গ্রেফতার হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ এপ্রিল দুপুর আনুমানিক ২টা ৫৫ মিনিটে হাটহাজারী থানার চিকনদন্ডী ইউনিয়নের একটি পাঁচতলা ভবনে অভিযান চালানো হয়। অভিযানের সময় ওসমানকে তার দখলে থাকা বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও সরঞ্জামসহ আটক করা হয়।
উদ্ধারকৃত আলামত:
অভিযানে একটি বিদেশি ৭.৬৫ পিস্তল (ম্যাগাজিনসহ), তিনটি একনলা শর্টগান, ১১ রাউন্ড পিস্তলের তাজা গুলি, রাইফেলের গুলি, ১৭ রাউন্ড শর্টগানের কার্তুজ, দেশীয় ধারালো অস্ত্র (চাপাতি ও সুইচ গিয়ার চাকু), নগদ ৫১ হাজার টাকা এবং বিভিন্ন মডেলের একাধিক মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ওসমান অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ। তিনি দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা এবং বিভিন্ন এলাকায় অস্ত্র সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন বলেও জানা গেছে।
এ ঘটনায় তার দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক দুই সহযোগী হৃদয় (৩০) ও রাজু (৩২)-এর সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় অস্ত্র আইন ১৮৭৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া সিডিএমএস পর্যালোচনায় তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, মাদক ও অস্ত্রসহ মোট ১৮টি মামলা রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কার্যক্রম দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।