অমলিন স্মৃতি
হাফিজুল ইসলাম লস্কর
ফেলে আসা দিন, ধূসর রঙিন
স্মৃতির জানালা খোলে,
মন-তরী আজ স্মৃতির সাগরে
উথাল পাথাল দোলে।
যেখানে গোধূলি সোনা রোদ মাখে
চেনা সেই মেঠো পথে,
মন ফিরে যায় শৈশবের স্মৃতিমাখা
হারানো দিনের রথে।
ধুলোমাখা পায়ে ছুটে চলা রোদে
মাটির চেনা সেই ঘ্রাণ,
ছোট্ট বেলার সেই স্মৃতি রোমন্থনে
জুড়ায় যে মোর প্রাণ।
বাবার আঙুল ধরে চিনেছি জগৎ
খুঁজেছি পথের ধাম,
বুকের অতলে সযতনে লেখা
প্রিয় সেই মানুষের নাম।
মায়ের হাসিটি শরতের মেঘে
এক চিলতে রোদ,
সব আবদার মিটে যেত সেথা
ছিল না তো কোনো ক্রোধ।
সেই আঁচলের মায়া জড়ানো দিন
সেই যে মধুর ক্ষণ,
এখনো ব্যাকুল হয়ে খুঁজে ফেরে
আমার অবুঝ মন।
সব কথা আজ বলার যে নয়
থাক না গোপন কোণে,
হৃদয় গহীনে থাক তারা জমা
নিজেরই একান্তে মনে।
ব্যস্ত জীবনে শ্রান্ত পথিক
হারায় যখন দিশা,
মধুর স্মৃতিই কাটিয়ে দেয়
বিষাদ কালো নিশা।
জীবনের এই ডায়েরির পাতায়
শব্দরা থাক গাঁথা,
স্মৃতিরা হোক শেষ বিকেলের
ঝরে পড়া সব পাতা।
মরেও মরে না যে দিনগুলো
বেঁচে থাকে অমলিন,
স্মৃতির মায়ায় জড়িয়ে থাকুক
আমাদের চিরদিন।