হাফিজুল ইসলাম লস্কর
দেহের চামড়া যখন থাকে টানটান,
দুনিয়ার মোহে ভুলেই গিয়েছ খোদার শান।
পাপের সাগরে সাঁতার কেটেছ দিনরাত,
যৌবনমদে বাড়িয়ে দিয়েছ বিষের হাত।
শক্তি যখন রক্তে তোমার ফোটায় আলো,
চোখের সামনে অন্ধকারকে ভাবলে ভালো।
ভুলে গেলে তুমি মাটির নীচের ঘোর অন্ধকার,
অহংকারেতে ভেঙে দিলে সব নীতির পাহাড়।
আজকে চামড়া লটকে পড়েছে শিথিল গায়ে,
মৃত্যুর দূত হেঁটে আসে ধীরি কাঁপা পায়ে।
সেজদায় ঢালো চোখের জল ও আকুল প্রাণ,
ক্ষমা পাওয়ার আশায় জপো যে রবের নাম।
দিনের শেষেতে ফুরিয়ে যখন আসে আলো,
বৃদ্ধ বয়সে খোদার দরবারে প্রদীপ জ্বালো।
জীর্ণ তরীটা ভিড়াতে চাও তো শেষ কূলে,
ভুলের মাশুল গুনছ এখন দু-হাত তুলে।
রহস্যময় এ মাটির খেলা কেমন ধারা!
অসময়ে লোক খোদার দরবারে হয় দিশাহারা।
অবশেষে যখন ক্ষমতা ও রূপ যায় কমে,
সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসা হৃদয়ে জমে।