রাঙামাটিতে নানিয়ারচর সেনা জোনের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: জুন ১৯, ২০২৬
শহিদুল ইসলাম, নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটির নানিয়ারচর সেনা জোনের (১৭ বেংগল) উদ্যোগে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ অভিযান, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা এবং এলাকা পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর জোন কমান্ডার লেফট্যানেন্ট কর্নেল মো. মশিউর রহমান, পিএসসি।
কর্মসূচিতে জোনের উপ-অধিনায়কসহ অন্যান্য সেনা কর্মকর্তা, জেসিও এবং সেনাসদস্যরা অংশগ্রহণ করেন। এছাড়া উপজেলা প্রশাসন, বন বিভাগ, কৃষি বিভাগ, পুলিশ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আনসার-ভিডিপি সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বমোট ৩৫০ জন স্বেচ্ছাসেবী এতে অংশ নেন। কর্মসূচির আওতায় জোন সদর থেকে নানিয়ারচর বাজার পর্যন্ত এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয় এবং রাস্তার উভয় পাশের ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। পাশাপাশি প্লাস্টিক বর্জ্য সংগ্রহের জন্য নির্দিষ্ট স্থান নির্বাচন ও ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ এবং পরিবেশ সংরক্ষণে অর্গানিক কম্পোস্ট সার তৈরির গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে লেফট্যানেন্ট কর্নেল মো. মশিউর রহমান পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় গুরুত্বারোপ করেন। তিনি একটি পরিবেশবান্ধব সমাজ গড়তে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান। বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতে দেশের উন্নয়ন, পরিবেশ রক্ষা এবং জনকল্যাণমূলক কাজে জনগণের পাশে থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।

