কুতুবদিয়ার পশ্চিমে গভীর সমুদ্রে ভাসমান ফিশিং বোটসহ ৪ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: জুন ১৯, ২০২৬

কুতুবদিয়ার পশ্চিমে গভীর সমুদ্রে ভাসমান ফিশিং বোটসহ ৪ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ডআবু মুসা, টেকনাফ প্রতিনিধি:   কক্সবাজারের কুতুবদিয়ার পশ্চিমে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে দুই দিন ধরে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ৪ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার (১৯ জুন) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের বিস্তীর্ণ সমুদ্র উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আইন-শৃঙ্খলা রক্ষা, চোরাচালান, মাদক ও মানব পাচার দমন, প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার পাশাপাশি সমুদ্রে মৎস্য আহরণে নিয়োজিত জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাহিনীটি। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কক্সবাজার থেকে ‘এফবি সৌরভ’ নামের একটি ফিশিং বোট ৪ জন জেলেকে নিয়ে সন্দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করে। গত ১৮ জুন বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কুতুবদিয়ার পশ্চিমে গভীর সমুদ্রে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলে বোটটি নিয়ন্ত্রণ হারিয়ে সাগরে ভাসতে থাকে। পরবর্তীতে শুক্রবার সকাল ৯টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে সহায়তা চাওয়া হলে বিষয়টি কোস্ট গার্ডের নজরে আসে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সমুদ্রে টহলরত বাংলাদেশ কোস্ট গার্ডের একটি জাহাজ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানে বিকল হওয়া ফিশিং বোটসহ ৪ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়েছে। কোস্ট গার্ড সূত্র জানায়, উদ্ধারকৃত জেলেদের এবং ফিশিং বোটটি মালিকপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও জানান, সমুদ্রে বিপদগ্রস্ত জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।

যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।