শিহাটা বাজারে হেরোইন পাওয়ার অভিযোগে আটক কমল মিয়া, থানায় নিয়ে গেল পুলিশ

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: জুন ১৯, ২০২৬

শিহাটা বাজারে হেরোইন পাওয়ার অভিযোগে আটক কমল মিয়া, থানায় নিয়ে গেল পুলিশরবিউল ইসলাম, মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি:   জামালপুরের মেলান্দহ উপজেলার ৭ নং চরবানী পাকুরিয়া ইউনিয়নের শিহাটা বাজারে হেরোইন পাওয়ার অভিযোগে কমল মিয়া নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, শিহাটা বাজার এলাকায় কমল মিয়াকে আটক করেছে। এদিকে, ঘটনাস্থলে উপস্থিত কয়েকজনের দাবি, কমল মিয়ার সঙ্গে থাকা আরও দুই ব্যক্তি ১২ হাজার ৪০০ টাকা লেনদেনের মাধ্যমে ঘটনাস্থল ত্যাগ করেন। একপর্যায়ে উপস্থিত জনতা কমল মিয়াকে সন্দেহভাজন হিসেবে তল্লাশি করলে ঘটনাস্থল থেকে আনুমানিক ১০ থেকে ১২টি হেরোইনের পুটলা উদ্ধার হয়েছে বলে দাবি করা হয়। পরে তাকে শিহাটা বাজারের একটি দোকানের সামনে জনতার নজরদারিতে রাখা হয়। খবর পেয়ে মেলান্দহ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কমল মিয়াকে হেফাজতে নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ তাকে হাতকড়া পরিয়ে জিজ্ঞাসাবাদ করে। তবে উদ্ধার হওয়া হেরোইনের পুটলাগুলো সরাসরি কমল মিয়ার কাছ থেকে পাওয়া যায়নি বলে স্থানীয় একাধিক সূত্র দাবি করেছে। পুলিশের জিজ্ঞাসাবাদের সময় কবির নামে এক ব্যক্তি উদ্ধারকৃত পুটলাগুলো দায়িত্বরত পুলিশ কর্মকর্তার হাতে তুলে দেন বলে জানা গেছে। আটক কমল মিয়া মাদারগঞ্জ উপজেলার চরবন্ধ জোরখালী গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।