ইয়াবা বিরোধী অভিযান: নোয়াখালীতে ৭ মাদকসেবীর কারাদণ্ড

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: জুন ১৮, ২০২৬

ইয়াবা বিরোধী অভিযান: নোয়াখালীতে ৭ মাদকসেবীর কারাদণ্ডপ্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, বিশেষ প্রতিবেদক   নোয়াখালীর সদর, সোনাইমুড়ী ও সেনবাগ উপজেলায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ইয়াবা সেবনের দায়ে সাতজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৭ ও ১৮ জুন জেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত দণ্ডাদেশ প্রদান করেন। অভিযানে দণ্ডপ্রাপ্তরা হলেন সেনবাগের মো. বাদশা ও ফখরুল ইসলাম রানা, সোনাইমুড়ীর কামাল উদ্দিন সুজন, বেগমগঞ্জের লিটন মিয়া, লক্ষ্মীপুর সদরের মো. শামীম হোসেন, রায়পুরের জোবায়ের ব্যাপারী এবং চন্দ্রগঞ্জের মোহন হোসেন। এর মধ্যে ১৭ জুন সেনবাগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহসিয়া তাবাসসুম এবং সোনাইমুড়ীতে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরিন আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এছাড়া ১৮ জুন সদর উপজেলার দত্তেরহাট-সোনাপুর এলাকায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুকসুদুস সালেহীন, মোসাদ্দেক হোসেন এবং মো. সেজান আহম্মেদ পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ কারবার রোধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এই নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপপরিচালক সুব্রত সরকার শুভ। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে বলেছেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের ধারাবাহিক অভিযান যুবসমাজকে রক্ষা ও অপরাধ প্রবণতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।