শিশু নন্দিনী হত্যা: দ্রুত বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর
Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: জুন ১৮, ২০২৬
আব্দুস সামাদ, রংপুর বিভাগীয় প্রতিনিধি
লালমনিরহাটের আদিতমারীতে নির্মমভাবে হত্যার শিকার সাত বছরের শিশু নন্দিনীর পরিবারের সদস্যদের সান্ত্বনা জানাতে এবং শোকসন্তপ্ত স্বজনদের পাশে দাঁড়াতে আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী গ্রামে নন্দিনীর বাড়িতে ছুটে যান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। এ সময় মন্ত্রীর সাথে ছিলেন স্থানীয় দুই সংসদ সদস্য। নন্দিনীর বাবা-মায়ের সঙ্গে কথা বলে গভীর সমবেদনা জানিয়ে মন্ত্রী বলেন, নন্দিনীর হত্যা একটি বর্বরোচিত ঘটনা এবং যারা এ ধরনের জঘন্য অপরাধের সঙ্গে জড়িত, তারা মানুষ নয়, নরপিশাচ। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে মন্ত্রী জানান, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তি ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন এবং নিজের দোষ স্বীকার করেছেন, তাই দ্রুততম সময়ের মধ্যে মামলার বিচার সম্পন্ন হবে। একইসঙ্গে তিনি ঘটনার পর প্রশাসনের ওপর হামলার বিষয়টির নিন্দা জানিয়ে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে যাওয়া পুলিশের গাড়িতে হামলা এবং ভাঙচুর প্রমাণ করে যে, একটি মহল আইনের শাসন ব্যাহত করে নির্বাচিত সরকারকে দুর্বল করার অপচেষ্টা চালাচ্ছে এবং গোয়েন্দা প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে, যার প্রেক্ষিতে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, গত সোমবার বাড়ি থেকে নিখোঁজ হওয়ার পর মঙ্গলবার সকালে বাড়ির পাশের ভুট্টাক্ষেতে মাটিচাপা দেওয়া অবস্থায় নন্দিনীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয় এবং অভিযুক্ত বিধান চন্দ্রের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের পাশাপাশি তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে পুলিশের সাথে জনতার সংঘর্ষে ১৮ পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন আহত ও জেলা প্রশাসন ও পুলিশের আটটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে, যার প্রেক্ষিতে ইতোমধ্যে দুটি মামলা দায়ের করা হয়েছে। যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।

