রাজশাহীতে অটোরিকশা চালকদের দৌরাত্ম্য: জিম্মি যাত্রী, অসহায় প্রশাসন

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: জুন ১৮, ২০২৬

রাজশাহীতে অটোরিকশা চালকদের দৌরাত্ম্য: জিম্মি যাত্রী, অসহায় প্রশাসনআজিজুর ইসলাম, স্টাফ রিপোর্টার   ​রাজশাহী নগরীর যাতায়াত ব্যবস্থায় অটোরিকশা অপরিহার্য বাহন হলেও সাধারণ যাত্রীদের কাছে এটি এখন মূর্তিমান আতঙ্কের নাম। বিশেষ করে বৃষ্টি, রাত কিংবা জরুরি মুহূর্তে চালকদের স্বেচ্ছাচারিতা ও অতিরিক্ত ভাড়া আদায়ের প্রবণতা সব সীমা ছাড়িয়েছে। সাধারণ যাত্রীদের জিম্মি করে কয়েক গুণ ভাড়া আদায়ের এক নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে পুরো নগরীজুড়ে। সম্প্রতি এক ভুক্তভোগী যাত্রী জানান, গত সন্ধ্যায় বৃষ্টির ঠিক পরপরই কোর্ট স্টেশন থেকে তেরোখাদিয়া হয়ে সাহেববাজার যাওয়ার জন্য একটি অটোরিকশা ভাড়া করতে গেলে চালক কোনো দ্বিরুক্তি ছাড়াই ভাড়া হাঁকান ১৬০ টাকা, যেখানে স্বাভাবিক ভাড়া সর্বোচ্চ ৮০ থেকে ১০০ টাকা। ভাড়া কেন এত বেশি—এমন প্রশ্নের জবাবে চালকের নির্বিকার উত্তর, "বৃষ্টি হয়েছে, তাই স্বাভাবিকের চেয়ে একটু বেশি তো দিতেই হবে!" স্টেশনের চিত্র আরও ভয়াবহ; দূরপাল্লার ট্রেন থেকে নামা ক্লান্ত যাত্রীদের অসহায়ত্বের সুযোগ নিয়ে ৩০ টাকার ভাড়া অনায়াসেই ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। ভুক্তভোগীদের অভিযোগ, চালকদের এই বেপরোয়া আচরণের পেছনে প্রশাসনিক নজরদারির অভাব স্পষ্টভাবে দৃশ্যমান। এদের বিরুদ্ধে কঠোর কোনো ব্যবস্থা না নেওয়ায় তারা দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে। নগরবাসীর প্রশ্ন, অটোরিকশা চালকদের এই স্বেচ্ছাচারিতা কি চলতেই থাকবে? জনস্বার্থে এবং সাধারণ যাত্রীদের স্বস্তি ফেরাতে প্রশাসনের পক্ষ থেকে জরুরি ও কঠোর নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি।

যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।