ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জিআর চাল বরাদ্দে ইউএনও’র স্বাক্ষর জালের অভিযোগ
Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: জুন ১৮, ২০২৬
সাব্বির আহমেদ | ঠাকুরগাঁও (বালিয়াডাঙ্গী)
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের নামে সরকারি জিআর (GR) চাল বরাদ্দ পেতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষর জাল করার গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে চাল আত্মসাতের অভিযোগ এনে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রতিষ্ঠানের প্রধানরা। অভিযোগে বলা হয়, গত ২১ মে ২০২৫ তারিখে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় থেকে ধর্মীয় প্রতিষ্ঠানে এতিমদের খাদ্য সহায়তা বাবদ বরাদ্দের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে প্রস্তাব পাঠানো হয়। সেখানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নাম থাকলেও পরে তা কৌশলে পরিবর্তন করে অন্য প্রতিষ্ঠানের নাম জুড়ে দেওয়া হয়। ইউএনও অঞ্জন কুমার দাস বিষয়টি নজরে এলে দেখতে পান যে, তার স্বাক্ষর করা সুপারিশপত্রটি পরিবর্তন করে সেখানে জাল স্বাক্ষর বসানো হয়েছে।
ভুক্তভোগীদের দাবি, হারুন অর রশিদ নামে এক ব্যক্তি দীর্ঘ দিন ধরে বিভিন্ন ভুয়া ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে শর্তসাপেক্ষে এমন জালিয়াতি চালিয়ে আসছেন। তাদের অভিযোগ, বরাদ্দের অর্ধেক চালই এই চক্রটি হাতিয়ে নেয়। এ বিষয়ে বালিয়াডাঙ্গী জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি হাফেজ ইসমাইল হোসেন জানান, হারুন বিভিন্ন প্রতিষ্ঠানকে প্রকল্প পাইয়ে দেওয়ার কথা বলে দালালি করেন এবং তার শর্তে রাজি না হলে প্রতিষ্ঠানগুলো জিআর চাল থেকে বঞ্চিত হয়। মাদ্রাসা প্রধান আব্দুল হামিদ জানান, হারুন অর রশিদের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে এই জালিয়াতি করে আসছে; তাদের আইনের আওতায় আনলে আরও বড় জালিয়াতির তথ্য বেরিয়ে আসবে। বড়পলাশবাড়ী ইসলামিক আলিম মাদ্রাসার অধ্যক্ষ কুসুমউদ্দীন সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষার দাবি জানিয়েছেন।
তবে স্বাক্ষর জালের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত হাফেজ হারুন অর রশিদ। অন্যদিকে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার দাস বলেন, প্রশাসনের পক্ষ থেকে অভিযোগটি গ্রহণ করা হয়েছে। আমার স্বাক্ষর জাল করার সঙ্গে কারা জড়িত, তা দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।

